ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে বাস-কার সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৫:৫৭ পিএম

খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২জন নিহত ও চারজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (০৯ জুন) দুপুরে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাইভেটকার চালক মোহন লাল বিশ্বাস (৬০) ও যাত্রী আশুতোষ ঘোষ (৫৫)। তাদের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামে।

খর্নিয়া হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) পারভেজ মুন্সী জানান, দুপুর আড়াইটার দিকে খুলনাগামী যাত্রীবাহী বাসের (খুলনা মেট্রো ব-১১-০২১৮) সঙ্গে বিপরীতমুখী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-২১-৭২২১) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটির ছাদসহ যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে প্রাইভেটকারের চালক মোহন লাল বিশ্বাস ও যাত্রী আশুতোষ ঘোষ ঘটনাস্থলে নিহত হয়।

এছাড়া সংঘর্ষে প্রাইভেটকারের অপর যাত্রী শামসুজ্জামান এবং বাস যাত্রী সাব্বির খান, যুথি ও লাবনী আহত হয়। খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ নিহত এবং আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে শামসুজ্জামানকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স লিপিকা হালদার দেশ রূপান্তরকে বলেন, প্রাইভেটকারের যাত্রীরা লক্ষ্মীপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহন লাল পেশায় হোমিও চিকিৎসক। আশুতোষ ঘোষ ব্যাংকার ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত