বিদ্যালয়ের মাঠে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

আপডেট : ১০ জুন ২০২৪, ০২:৪৮ পিএম

নরসিংদীর শিবপুরে আহমদুল কবির (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (১০ জুন) সকালে উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে গতকাল রবিবার দিবাগত রাতে তাকে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। নিহত আহমদুল কবির বাড়ৈগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ৬ মাস ধরে বেকার ছিলেন।

নিহতের ছোট ভাই মো. লেলিন জানান, রবিবার রাত ১২ টার দিকে কয়েকজন লোক এসে আহমদুল কবিরের সাথে কথা বলার পর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আজ সোমবার সকাল ৬টার দিকে খবর পাই বাড়ৈগাঁও স্কুল মাঠে আহমদুল কবিরের লাশ পড়ে আছে। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আহমদুল কবির ২০১৪ সালে তার চাচাত দুই ভাই জালাল ও খোরশেদ আলম হত্যা মামলার সাক্ষী ছিলেন বলেও জানান নিহতের ভাই লেলিন।

মরদেহের খবর পেয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত