চণ্ডীগড় বিমানবন্দরের বিজেপির নবনির্বাচিত সাংসদ অভিনেতা কঙ্গনা রানাওয়াতকে প্রকাশ্যে চড় মারার ঘটনাকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল সোশ্যাল মিডিয়া। বৃহস্পতিবার বলিউডের 'কুইন'কে সিআইএসএফ-এর এক নারী চড় মারেন। চড় মারার কারণ হিসেবে তিনি কৃষক আন্দোলনের প্রসঙ্গ তোলেন। এই ঘটনার পর গোটা দেশ কার্যত দুভাগে বিভক্ত হয়ে যায়। নারী জওয়ানের সমর্থনে যেমন বহু মানুষকে সোচ্চার হতে দেখা গেছে, তেমনই নিরাপত্তার প্রসঙ্গ তুলে অনেকেই তার কাজের বিপক্ষে প্রতিবাদ করছেন।
কঙ্গনাকে চড় মারার জন্য সিআইএসএফ-এর ওই নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। রবিবার এক সিনিয়র পুলিশ অফিসার জানান সেই অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
ইতিমধ্যে, সম্মিলিত কিষাণ মোর্চা (অ- রাজনৈতিক) এবং কিষাণ মজদুর মোর্চা-সহ বেশ কয়েকটি কৃষক সংগঠনের দ্বারা, সিআইএসএফ মহিলা কনস্টেবলের সমর্থনে মোহালিতে একটি পদযাত্রারও আয়োজন করা হয়েছিল। তাদের দাবি, ওই নারী জওয়ানের উপর যেন কোনও ভাবে অবিচার না হয়। কৃষক আন্দোলনের নেতাদের দাবি, বিষয়টি নিয়ে যেন সুষ্ঠু ভাবে তদন্ত করা হয়।
ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করে তারা মোহালির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) সন্দীপ গর্গের কাছে একটি স্মারকলিপিও হস্তান্তর করেছেন।
মোহালির পুলিশ সুপার হরবীর সিং অটওয়াল এবার জানালেন, তার নেতৃত্বে তিন সদস্যের এসআইটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি নিয়ে একেবারে একটি নিরপেক্ষ তদন্ত করা হবে এবং এসএসপি মোহালির কাছে তারপর একটি প্রতিবেদনও জমা দেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে আরও জানা গেছে যে একজন নারী পুলিশ অফিসারও এই এসআইটির একটি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে থাকবেন।
প্রসঙ্গত, কঙ্গনা রানাউতকে প্রকাশ্যে বিমানবন্দরে চড় মারার ঘটনা নিয়ে অভিনেতা অনুপম খের, শাবানা আজমি, শেখর সুমন ও তার ছেলে অধ্যয়ন সুমন-সহ একাধিক বলিউড তারকা তাদের মতামত জানান। শুধু বলিউড নয়, টলিউডের একাধিক তারকাও তাদের মতামত রাখেন।
যে কারণে শাহরুখের ৫ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া 