সাংবাদিক হতে ন্যূনতম স্নাতক লাগবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

আপডেট : ১১ জুন ২০২৪, ০৮:০৮ পিএম

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, হলুদ সাংবাদিকতা নির্মূলে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে প্রেস কাউন্সিল। মূলধারার সাংবাদিকদের যাতে অসুবিধা না হয় সেজন্য বর্তমানে সাংবাদিক হতে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। তাছাড়া যারা স্নাতক পাশ করেনি কিন্তু ৫-১০ বছর ধরে কাজ করছে তাদের ক্ষেত্রে এ নিয়ম শিথিল থাকবে। 

মঙ্গলবার (১১ জুন) চট্টগ্রাম সার্কিট হাউসে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হলুদ সাংবাদিকতা প্রতিরোধের বিকল্প নেই। দেশের উন্নয়নের জন্য সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সংবাদে সমালোচনা থাকবে, তবে সেটা গঠনমূলক হতে হবে।’

তিনি বলেন, ‘সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় বেশ পড়াশোনা করতে হয়। আগামীতে সাংবাদিকতায় কেউ আসতে চাইলে পরীক্ষার মাধ্যমে নির্বাচন করার বিষয়টি চিন্তা করা হচ্ছে।’

প্রেস কাউন্সিল আয়োজিত এ কর্মশালায় সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি এবং প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪-এর আলোকে সাংবাদিকদের করণীয় বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার।

কর্মশালায় চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। কর্মশালা শেষে প্রধান অতিথি সাংবাদিকদের  হাতে সনদ তুলে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত