রোহিঙ্গাদের সংখ্যা ও সামাজিক পরিস্থিতির জরিপ করবে বিবিএস

আপডেট : ১২ জুন ২০২৪, ০১:৩০ এএম

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের প্রকৃত সংখ্যা নিয়ে অস্পষ্টতা আছে। তাদের জীবিকা ও জীবনযাত্রা নিয়েও নানান প্রশ্ন রয়েছে। এ পরিপ্রেক্ষিতে দেশে রোহিঙ্গাদের সার্বিক তথ্য-উপাত্ত সংগ্রহে একটি জরিপ পরিচালনা সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস। এ মাসেই জরিপের কাজ শুরু হবে।

জরিপে স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন, শিক্ষা ও শিশু সুরক্ষা বিষয়ে প্রায় ২০০টি সূচক অন্তর্ভুক্ত থাকবে। ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি পর্যবেক্ষণ ও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২০-২০২৫ মূল্যায়নে এ জরিপের উপাত্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনিসেফের সহায়তায় ‘মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভের (এমআইসিএস) আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হবে। রোহিঙ্গাদের নিয়ে পৃথক একটি প্রতিবেদন প্রকাশ করা হবে।

গতকাল রাজধানীর পরিসংখ্যান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের বিস্তারিত তুলে ধরা হয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট এবং পরিসংখ্যান সচিব শাহনাজ আরেফিন। বিবিএস মহাপরিচালক মো. মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এমআইসিএস হলো এক ধরনের পারিবারিক জরিপ, যার মাধ্যমে শিশু ও নারী সম্পর্কিত প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহের মাধ্যমে তাদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়। এ প্রাপ্ত তথ্য-উপাত্ত তাদের উপযোগী নীতিমালা তৈরি, পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি প্রণয়নে সহায়তা করে। বাংলাদেশে প্রথম এমআইসিএস পরিচালিত হয় ৩০ বছর আগে। তবে এবারের জরিপে কিছু নতুন বৈশিষ্ট্য রয়েছে। এবারই প্রথমবারের মতো মানুষের শরীরে রক্তে সিসার মাত্রা, ভারী ধাতুর মাত্রা, মাইক্রোনিউট্রিয়েন্টসের মাত্রা এবং রক্তশূন্যতা বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে। পরিবেশে সিসাসহ ভারী উপাদানের উপস্থিতি শিশুর স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত