ইংল্যান্ডকে বিদায় করতে অস্ট্রেলিয়া ধীরে খেললে নিষিদ্ধ হবেন মার্শ

আপডেট : ১৩ জুন ২০২৪, ০২:০২ পিএম

ইংল্যান্ডকে বিদায় করে দিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফলের ব্যবধানে প্রভাব রাখতে পারে অস্ট্রেলিয়া, নামিবিয়ার বিপক্ষে জয়ের পর জশ হ্যাজলউডের কথায়ও সেটি মনে হয়েছে।

তবে ইচ্ছাকৃতভাবে এমন কিছু করলে নিষেধাজ্ঞায় পড়তে পারে অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।

২.১১ নম্বর ধারা অনুযায়ী, আইসিসির কোনো ইভেন্টে কোনো দল যদি ইচ্ছাকৃতভাবে এমন কৌশল গ্রহণ করে, যেটি অন্য দলের অবস্থান বদলানোর ক্ষেত্রে প্রভাব ফেলে তাহলে সেটি অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। জোর করে নেট রান রেটের ওপর প্রভাব ফেললেও সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।

গ্রুপ বি তে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে সুপার এইটে যাওয়া নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানের জন্য লড়াইটা স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে।

স্কটল্যান্ডের পয়েন্ট ৫, তাদের ম্যাচ বাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর পরের দুই ম্যাচে জিতলে ইংল্যান্ডের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে পাঁচই। তখন পার্থক্য গড়ে দেবে নেট রান রেট।

তবে শুধু স্কটল্যান্ডের ম্যাচে ফলে তাকিয়ে থাকলৈ হবে না। ইংল্যান্ডকে পরের দুটি ম্যাচই বড় ব্যবধানে জিততে হবে।

তবে শেষ পর্যন্ত সমীকরণ এমন হতে পারে, স্কটল্যান্ড একটি নির্দিষ্ট ব্যবধানে হারলেও সুপার এইটে যাবে।

এবারের ফরম্যাট অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপের ব্যাপার নেই। সুপার এইটে উঠলে কোন দল কোন গ্রুপে যাবে তা আগে থেকেই ঠিক হয়ে আছে। তাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার হারানোর কিছু নেই।

এর আগে নামিবিয়াকে হারানোর পর সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার জশ হ্যাজেউড বলেন, 'এই টুর্নামেন্টের কোনো না কোনো পর্যায়ে হয়তো ইংল্যান্ডের (আবার) মুখোমুখি হতে হবে...নিজেদের দিনে তারা অন্যতম সেরা দলগুলোর একটি। টি–টোয়েন্টিতে তাদের বিপক্ষে আমরা ভুগেছিও। তাই টুর্নামেন্ট থেকে তাদের বিদায় করাটা আমাদের জন্য তো ভালো বটেই, সম্ভবত অন্যদের জন্যও।'

বি গ্রুপে ৩ ম্যাচ থেকে স্কটল্যান্ডের পয়েন্ট ৫, তাদের রান রেট ২.১৬। ইংল্যান্ডের দুই ম্যাচ থেকে পয়েন্ট ১, রান রেট -১.৮০।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত