সরকারনির্ধারিত নতুন অফিসসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ১৯ জুন (বুধবার) থেকে মেট্রোরেল চলাচলের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ফলে মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময় পরিবর্তন হতে যাচ্ছে। এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ জুন (সোমবার) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের নতুন সময়সূচির কথা জানানো হয়। এ ছাড়া মেট্রোরেল কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ বিষয়টি সাংবাদিকদের জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস সময়সূচি পরিবর্তন হওয়ায় এর সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল। আগামী ১৬ জুন থেকে শনিবার ছাড়া সব সরকারি ছুটির দিনে মেট্রোরেল চলাচলের নতুন সময়ও নির্ধারণ করা হয়েছে।
এম এ এন ছিদ্দিক বলেন, গত ৬ জুন সরকার অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘোষণা করেছে। এই সময়সূচি ঈদের পর ১৯ জুন থেকে কার্যকর হবে। সেজন্য মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়েও পরিবর্তন আনা হয়েছে। সে অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত আগের মতো স্পেশাল অফ পিক থাকবে। এই সময় হেডওয়ে হবে ১০ মিনিট। আর সকাল ৭টা ৩১ মিনিট থেকে বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এই সময় হেডওয়ে হবে ৮ মিনিট।
তিনি আরও বলেন, আগের মতোই সাপ্তাহিক বন্ধ থাকবে শুক্রবার। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস মেট্রো ট্রেনে বহন করা যাবে না। এর আগে আরোপিত অন্যান্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ জুন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
