ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের বিপরীত পাশ থেকে এক মেয়ের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স আনুমানিক ১ দিন। শুক্রবার (১০ জুন) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মেইন গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ফুটপাতে একটি ব্যাগে ভরে কে বা কারা মরদেহটি ফেলে গেছে। স্থানীয়রা দেখে প্রথমে পুলিশ ক্যাম্পে খবর দেয়। এরপর ঘটনাটি শাহবাগ থানায় জানানো হলে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ নবজাতকটিকে সেখানে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।
