ব্যাট হাতে বাজে সময় কাটাচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ ইনিংসে ২২ রান করেছেন তিনি। সমালোচনা হচ্ছে শান্তর ব্যাটিং নিয়ে।
ব্যাট হাতে বাজে সময় পাড় করলেও শান্তর পরিশ্রম নিয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের। নেপালের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন তানজিম হাসান সাকিব।
সাকিব আশাবাদী দ্রুতই রানে ফিরবেন শান্ত। 'শান্ত ভাই খুবই পরিশ্রম করছে অনুশীলনে। নিজের ফর্ম ফিরে পাওয়ার জন্য। তিনি খুবই পরিশ্রমী একজন মানুষ। আমাদের জাতীয় দলে কঠোর পরিশ্রমী ক্রিকেটারদের মধ্যে তিনি একজন। খুবই ডেডিকেটেড একজন মানুষ। ঘুরে দাঁড়ানোর জন্য তিনি খুব চেষ্টা করছেন।'
অধিনায়ক হিসেবে শান্ত অবশ্য সফলই। তার অধীনে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ড্র করে। পরে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের ফলে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দল সুপার এইটের দ্বারপ্রান্তে আছে। তাই অধিনায়কত্ব নিয়ে উঠছে না কোন প্রশ্ন।
অধিনায়ক শান্তর প্রশংসা করে তানজিম সাকিব বলেন, 'অধিনায়ক হিসেবে তিনি খুবই সাপোর্টিভ। আমরা সবাই তাকে প্রশংসা করি। আমাদের সবার অনেক ভালো লাগে তার অধিনায়কত্ব। সবাইকে খুব আগলে ও গুছিয়ে রাখেন মাঠে এবং মাঠের বাইরে সব জায়গায়।'
স্কটল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া, সুপার এইটে ইংল্যান্ড