সারাদিন ক্লাস আর পড়াশোনা। রাতে শিক্ষার্থীরা ক্যান্টিনে খাবার খেতে গিয়েছিল। ডালে চুমুক দিতেই মুখে ঠেকে রবারের মতো কিছু। ভালো করে তাকাতেই হাত-পা ঠাণ্ডা হয়ে গেল এক কলেজ শিক্ষার্থীর।
ওই শিক্ষার্থী দেখল, ওই রবারের মতো নরম জিনিসটা আসলে সাপ। আতঙ্কে চিৎকার করে ওঠে সে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ওই বিষাক্ত ডাল খেয়ে ফেলেছে অনেকেই। এরপরই অসুস্থ হয়ে পড়েন তারা। কমপক্ষে ১০-১৫ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়।
ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের বাঙ্কায়। একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। এক শিক্ষার্থী অভিযোগ করে, ওই বিষাক্ত খাবার খেয়ে বমি করতে শুরু করে শিক্ষার্থীরা। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবশ্য চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। খবর টিভি-৯ বাংলার।
শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও একাধিকবার কলেজ কর্তৃপক্ষের কাছে খাবারের মান নিয়ে অভিযোগ করা হয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।
এদিকে ঘটনা জানাজানির পর বাঙ্কা জেলার প্রশাসক অংশুল কুমার, সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ও সাব-ডিভিশনাল পুলিশ অফিসার কলেজ পরিদর্শনে যান। কীভাবে খাবারে সাপ এল, তা তদন্ত করে দেখার আশ্বাস দেন তারা। এ ঘটনায় ক্যান্টিনের ম্যানেজারকে জরিমানা করা হয়েছে।
কোরবানির মাংস কাটতে গিয়ে আহত ১৫০ জন ঢাকা মেডিকেলে