ওবায়দুল কাদের বললেন

ঈদের দিনেও বিএনপির অপপ্রচার বন্ধ ছিল না

আপডেট : ১৮ জুন ২০২৪, ০৩:২৪ পিএম

মূল্যস্ফীতির কারণে ঈদ উদযাপন ব্যাহত হয়েছে— বিএনপির এমন দাবি সঠিক নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গতবারের চেয়ে এবার বেশি পশু কোরবানি হয়েছে। মঙ্গলবার (জুন ১৮) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এবার এক কোটি ৪০ লাখের বেশি কোরবানি হয়েছে, যা গতবারের তুলনায় বেশি। মূল্যস্ফীতির কারণে ঈদ উদযাপন  ব্যাহত হয়েছে— বিএনপির এ তথ্য ঠিক নয়। সমালোচনা করে বিএনপিসহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করেছে।

তিনি বলেন, মূল্যস্ফীতি আছে, তবে এটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

মিয়ানমার প্রসঙ্গে মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করে ওবায়দুল কাদের বলেন, সার্বভৌমত্বে কোথায় আঘাত হানা হচ্ছে? অনুপ্রবেশকারীরা চলে গেছে, জাহাজও সরে গেছে।

সরকারের পক্ষ থেকে সব সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা আছে বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। যতই প্রভাবশালী হোক, দুর্নীতি করলে কারো ছাড় নেই। তদন্ত শেষে মামলা করা যাবে, মানে বিচারের আওতায় আসবে। বিএনপির শাসনামলে এমন কোনো পদক্ষেপ দেখা যায়নি।

এ সময় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি। যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়নি সে বিষয়ে কথা বলে অন্ধকারে ঢিল ছুড়ব কেন? আর নজরে আসার আগে সরকার কিভাবে ব্যবস্থা নেবে? গণমাধ্যমে কিংবা সরকারের নজরে আসার পর যখনই কোনো দুর্নীতির অভিযোগ এসেছে ব্যবস্থা নিয়েছি। সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি— এমন ঘটনা ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত