সুইজারল্যান্ডে ৫০টি দেশের রাষ্ট্রপ্রধানসহ ৯০টিরও বেশি দেশের প্রতিনিধিরা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেছেন। ইউক্রেন শান্তি সম্মেলন নামে অভিহিত এই সম্মেলন শেষে একটি যৌথ বিবৃতি বা ঘোষণাপত্র প্রকাশ করা হয়। যৌথ বিবৃতিতে সই করে ৮০টিরও বেশি দেশ। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের সব দেশ, আর্জেন্টিনা, কলম্বিয়া, কাতারের মতো দেশগুলো এতে সই করলেও ভারত, ব্রাজিল, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকার মতো কিছু দেশ সেই যৌথ বিবৃতিতে সই করেনি। আর রাশিয়াকে এই বৈঠকে ডাকা হয়নি এবং চীন এই বৈঠক বয়কট করে।
বিবিসি বলছে, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য এটাই প্রথম সম্মেলন। এই সম্মেলনে ৫০টি দেশের রাষ্ট্রপ্রধান অংশগ্রহণ করেন। এতজন শীর্ষনেতাকে এক জায়গায় আনা ও শান্তি আলোচনা করার পেছনে কাজ করেছে বড় আকারের কূটনৈতিক প্রচেষ্টা।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, তাতে ধ্বংস ও মানুষের কষ্টের ছবি সামনে এসেছে। এর ফলে বিশ্বে একটা সংকট দেখা দিয়েছে। আমরা কোনো দেশের আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতা হরণের বিরুদ্ধে না। ইউক্রেনসহ প্রতিটি দেশের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বর নীতির প্রতি আমরা দায়বদ্ধ।
