ইরানের ইসলামিক ‘রেভল্যুশনারি গার্ড কর্পস’কে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা। বিরোধী আইনপ্রণেতা এবং ইরানিপ্রবাসীদের কয়েক বছরের দাবির মুখে এ পদক্ষেপ নিল দেশটি। গত বুধবার কানাডার জননিরাপত্তামন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক এ সিদ্ধান্তকে ‘বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার’ বলে বর্ণনা করেছেন।
বিবিসি জানায়, সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত হওয়ার মানে হচ্ছে, আইআরজিসির শীর্ষ কর্মকর্তাসহ ইরানের কয়েক হাজার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা কানাডায় প্রবেশ করতে পারবেন না।
ইরানে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অভিজাত আইআরজিসি বাহিনীর ব্যাপক প্রভাব আছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে এই বাহিনীর ঘনিষ্ঠতা রয়েছে।
আইআরজিসির প্রায় দুই লাখ সক্রিয় সদস্য আছে। এই বাহিনীর আছে নিজস্ব স্থল, নৌ ও বিমানবাহিনী। তারা ইরানের কৌশলগত অস্ত্র তদারক করে। কানাডা এর আগে কুদস ফোর্সকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে। আর বুধবারের ঘোষণায় পুরো আইআরজিসিকেই সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে তারা।
