তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষা বিদ্যালয়ের চার দেয়ালের বাইরে বেরিয়ে এসেছে। এখন এমন কিছু প্ল্যাটফরম আছে, যার মাধ্যমে দিনে রাতে, যেকোনো স্থানে যেকোনো বয়সের শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহার করে তার পছন্দের বিষয়ে পড়াশোনা করতে পারেন। সে রকম একটি প্ল্যাটফরম হলো খান একাডেমি। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রতিষ্ঠান দেয় যেকোনো দেশের যেকোনো বয়সের শিক্ষার্থীকে শিক্ষা লাভের সুযোগ।
খান একাডেমির সেøাগান ‘সকলের জন্য, সব জায়গায় বিনামূল্যে বিশ্বমানের শিক্ষাদান’। খান একাডেমি মূলত একটি ইন্টারনেটভিত্তিক অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা সালমান খান। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত একজন আমেরিকান নাগরিক। অনলাইনভিত্তিক অলাভজনক ও নতুন ধরনের শিক্ষার এই একাডেমি গড়ে তোলার লক্ষ্য ও উদ্দেশ্যের কথা তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তিনি স্মরণ করিয়ে দিয়েছেন শিক্ষার আদি ও অকৃত্রিম লক্ষ্য ও উদ্দেশ্যের কথা। বিভিন্ন
বক্তৃতায় সালমান খান বলেছেন, ‘শিক্ষার উদ্দেশ্য দক্ষতা অর্জন করা, নম্বর পাওয়া নয়।’ আর এ কারণেই এই অনলাইন প্ল্যাটফরমে শেখাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ের ওপরে হাজার হাজার ভিডিও রয়েছে। একজন শিক্ষার্থী চাইলেই তাই অবসর মতো সেগুলো দেখতে পারে, শুনতে পারে, শিখতে পারে। অনলাইনভিত্তিক প্ল্যাটফরম হওয়ায় যেকোনো স্থান থেকে এই একাডেমি থেকে শেখা সম্ভব। খান একাডেমি যাত্রা শুরু করে ২০০৮ সালে। এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে ১০,০০০-এর বেশি ভিডিও রয়েছে। খান একাডেমির ভিডিওগুলোর ভাষা মূলত ইংরেজি হলেও স্প্যানিশ, পর্তুগিজ, ইতালীয়, রাশিয়ান, তুর্কি, ফ্রেঞ্চ, বাংলা ও হিন্দিসহ অন্যান্য ভাষায়ও ভিডিওগুলো ভাষান্তরিত করা হয়েছে।
২০১৬ সালের ২ মার্চ খান একাডেমির বাংলা সংস্করণ বাংলাদেশে উন্মুক্ত করা হয়। bn.khanacademy.org ওয়েবসাইট ভিজিট করে যেকোনো শিক্ষার্থী সহজেই দেখে নিতে পারে তার পছন্দের বিষয়ে কী কী টিউটোরিয়াল রয়েছে। খান একাডেমির বাংলা সংস্করণে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত টিউটোরিয়াল রয়েছে। এর মাধ্যমে যারা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করেন কিংবা বয়স্ক শিক্ষা নিয়ে কাজ করেন তারা উপকৃত হচ্ছেন। শুধু তাই নয়, প্রযুক্তিগত জ্ঞান বিস্তারের লক্ষ্যে যুক্ত হয়েছে প্রাথমিক কম্পিউটার শিক্ষা ও প্রোগ্রামিং শিক্ষা। শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে গণিতে দক্ষ করে তুলতে রয়েছে আলাদা অংশ। সেখানে পাটিগণিত, বীজগণিত ইত্যাদি বিষয়কে বিশ্লেষণ করা হয়েছে সহজ-সরল ভাষায়।
শিক্ষার্থীদের মধ্যে যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চায়, সঙ্গত কারণেই তাদের অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হয়। এ বিষয়েও খান একাডেমি বিশেষ সহযোগিতা করতে পারে। খান একাডেমির কিছু বিশেষ ভিডিও রয়েছে, যেগুলো অনুশীলন করলে ইংরেজিতে দক্ষ হতে পারবে তারা। ওয়েবসাইট ছাড়াও খান একাডেমির ইউটিউব চ্যানেল রয়েছে। KhanAcademyBangla বা Khan Academy লিখে সার্চ দিলেই চলে আসবে খান একাডেমির ইউটিউব চ্যানেল আর পছন্দের বিষয়ের অগণিত টিউটোরিয়াল।
