দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার দলটির পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা, কেক কাটা, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া-মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা আওয়ামী লীগের ৭৫ বছরের ইতিহাসে নানা চড়াই-উতরাই ও কর্মকান্ডের কথা তুলে ধরেন। প্রতিনিধিদের পাঠানো খবর :
বরিশাল : বরিশাল নগরীতে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল ৯টায় সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ মহানগর ও জেলা আওয়ামী লীগের একাংশ এবং বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, মহানগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ একাংশের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
রাজশাহী : সকালে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরীর লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
খুলনা : সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র্যালি বের হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা উপস্থিত ছিলেন।
গাজীপুর : সকালে গাজীপুর মহানগরীর ভাওয়াল রাজবাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়।
গোপালগঞ্জ : বিকেলে মুকসুদপুর কলেজ মোড় চত্বরে উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। এর আগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আওয়ামী লীগের প্রবীণ ২৪ নেতাকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।
টাঙ্গাইল : সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।
বান্দরবান : সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, সাধারণ সম্পাদক লক্ষপদ দাশসহ দলীয় নেতৃবৃন্দ।
ফরিদপুর : সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে এক মিনিট নীরবতা, মোনাজাত, স্বেচ্ছায় রক্তদান ও আলোকচিত্র প্রদর্শনী শেষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
রাজবাড়ী : বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রমুখ। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
