দেশ জুড়ে বিষধর সাপ রাসেলস ভাইপার আতঙ্কের মধ্যে অ্যান্টিভেনমের পর্যাপ্ত সরবরাহ চেয়ে সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের উদ্দেশে এই নোটিস দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান। নোটিসে সাত দিনের সময় দিয়ে তিনি দেশের প্রতিটি সরকারি হাসপাতাল-ক্লিনিক-স্বাস্থ্যকেন্দ্রগুলোয় পর্যাপ্ত অ্যান্টিভেনমের সরবরাহ চেয়েছেন। একই সঙ্গে ভ্যাকসিন সংরক্ষণ, ভ্যাকসিন প্রদানকারী চিকিৎসকদের দ্রুততম সময়ের মধ্যে উন্নত প্রশিক্ষণ, দেশের অভ্যন্তরে পরিবেশ উপযোগী সাপের বিষের প্রতিরোধক ভ্যাকসিন উৎপাদনে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি। ব্যত্যয় হলে সংশ্লিষ্ট বিষয়ে উচ্চ আদালতে মামলা করা হবে বলে জানান এই আইনজীবী।
অ্যাডভোকেট ইমরান বলেন, রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির (এনসিডিসি) জরিপ অনুযায়ী, দেশে প্রতিবছর ৪ লাখ ৩ হাজার ৩১৭ জন মানুষ সাপের কামড়ে আক্রান্ত এবং এতে মারা যায় ৭ হাজার ৫১১ জন মানুষ। ‘গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, দেশে প্রতিবছর অনেকে বিষধর সাপের কামড় খেয়ে মারা যায় শুধু সঠিক সময়ে চিকিৎসা না পাওয়া, বিশেষ করে হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকার কারণে। এর কারণ, দেশে স্থানীয়ভাবে অ্যান্টিভেনম তৈরি হয় না।
