শুধুই প্রেম নয়, লিভ টুগেদার করছেন বিজয়-তৃষা?  

আপডেট : ২৬ জুন ২০২৪, ০২:৪৪ পিএম

একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়া নতুন কিছু নয়। বিনোদন দুনিয়ায় এমনটা অহরহ হয়ে থাকে। তবে কেউ কেউ সেটা প্রকাশ্যে আনতে চান না। অনেক দিন ধরেই গুঞ্জন, থালাপাতি বিজয় ও তৃষ্ণা কৃষাণ প্রেম করছেন। সেই গুঞ্জন এবার আরও স্পষ্ট হলো বিজয়ের জন্মদিনে তৃষার পোস্ট করা ছবি থেকে। 

সোমবার বিজয়ের জন্মদিন উদ্‌যাপনের কিছু ছবি প্রকাশ্যে এনেছিলেন দক্ষিণী নায়িকা। সেখানেই ফাঁস, প্রেম ছাড়িয়ে আরও গভীরে তাদের সম্পর্ক। বিনোদন দুনিয়া বলছে, বিজয়-তৃষা নাকি একত্রবাস করছেন!

এর পিছনেও গল্প আছে। বিজয় এবং তৃষা ২০০৫-এ ‘গিলি’ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন। দু’জনের রসায়নে ছবি ব্লকবাস্টার। সেই ধারা অব্যাহত ‘আথি’, ‘থিরুপাচি’ এবং ‘কুরুভি’র মতো ছবিতেও। ২০০৮-এ তারা জুটি বেঁধে ছবিতে অভিনয় বন্ধ করে দেন। কারণ, প্রথম ছবির সেই রসায়ন নাকি বাস্তব জীবনে ছায়া ফেলেছিল। বিজয়ের পরিবার তার উপরে তৃষার সঙ্গে ছবি না করার শর্ত চাপিয়েছিল। সেই সময় তারা ঘোষণাও করেন, সবটাই রটনা। তারা শুধুই বন্ধু। ১৫ বছর পর সব রটনা সরিয়ে ফের তারা জুটিতে লোকেশ কানাগরাজের ‘লিও’ ছবিতে। অনুরাগীরা তাদের এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত। তখনই নতুন গুঞ্জন, লুকিয়ে প্রেম করছেন তারা।

এর পর গত এক বছরে যুগলকে পর্দার বাইরেও আবিষ্কার করেছেন ছবিশিকারিরা। কখনও বিমানবন্দরে, তো কখনও বিজয়ের বাড়িতে। আবার কখনও একই অনুষ্ঠানে তারা আলাদাভাবে উপস্থিত হয়েছেন। কিন্তু পোশাকে রংমিলন্তি! দুই তারকার গোপন প্রেম ছাইচাপা আগুনের মতোই ধিকিধিকি জ্বলেছে। যার আঁচ পেয়েছে বিনোদন দুনিয়া। সোমবার উদ্‌যাপনের পর বিজয়ের বাড়ির লিফটে তৃষাকে দেখা যেতেই হাতেনাতে ধরেছেন অনুরাগীরা। তাদের দাবি, শুধু প্রেম নয় একত্রবাস করছেন যুগল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত