মলিন ইংল্যান্ড তবুও নকআউটে

আপডেট : ২৭ জুন ২০২৪, ০১:০০ এএম

ফেভারিটের তকমা নিয়ে ইউরোতে এসে এখন পর্যন্ত তেমন কিছুই করতে পারেনি ইংল্যান্ড। সার্বিয়ার বিপক্ষে কোনো রকমে জয় তুলে নেওয়ার পর ডেনমার্কের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। মঙ্গলবার তারা স্লোভেনিয়ার বিপক্ষে গোলই করতে পারেনি (০-০)। পারফরম্যান্সে মলিন কেইনরা অবশ্য গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে যাচ্ছে।

ফিফা র‌্যাংকিংয়ে ইংল্যান্ডের চেয়ে ৫২ ধাপ পিছিয়ে স্লোভেনিয়া। শক্তি-সামর্থ্য কিংবা ইতিহাস কোনো কিছুই তেমন পক্ষে ছিল না দলটার। সেই স্লোভেনিয়াই এবার রুখে দিল শক্তিশালী ইংল্যান্ডকে। হ্যারি কেইন-ফিল ফোডেনদের গোলবঞ্চিত করে প্রথমবারের মতো ইউরোর দ্বিতীয় রাউন্ডে উঠেছে স্লোভেনিয়া।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে সার্বিয়া এবং ডেনমার্কও। ৩ ম্যাচে ৩ ড্র নিয়ে পরের রাউন্ডে উঠল ডেনমার্ক। আর আসর থেকে ছিটকে গেছে সার্বিয়া।

ডি গ্রুপে ফ্রান্স, নেদারল্যান্ডসকে টপকে গ্রুপ সেরা হয়েছে অস্ট্রিয়া। মঙ্গলবার অস্ট্রিয়ার বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও কোডি গাকপো ও মেম্ফিস ডিপেইর গোলে ম্যাচে ফিরেছিল ডাচরা। ৮০ মিনিটের মার্সেল সাবিতজারের গোলে জয় ছিনিয়ে নেয় অস্ট্রিয়া। তিন ম্যাচে দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে তারা। কিলিয়ান এমবাপ্পের গোলে পোল্যান্ডের সঙ্গে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে ফ্রান্স। ৪ পয়েন্ট পাওয়া নেদারল্যান্ডস তৃতীয় হয়ে নকআউটে যাচ্ছে।

২৪ দলের টুর্নামেন্ট থেকে দ্বিতীয় রাউন্ডে যাবে ১৬টি দল। গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপ কোনো সমীকরণ ছাড়াই খেলবে পরের রাউন্ড। বাকি ৪ দল নির্ধারিত হবে গোল ব্যবধান, প্রাপ্ত পয়েন্ট, মোট গোল, জয়-পরাজয় এবং কার্ডের পরিমাণ ও র‌্যাংকিংয়ের ভিত্তিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত