নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর কাশিপুর আলীপাড়া এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সুরুজ মিয়া ওরফে সুরুজ মেম্বার (৭০) নিহত হয়েছেন। তিনি ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক। আলীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি। এই ঘটনায় তার দুই ছেলেসহ ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে এলাকার মসজিদের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের ৪ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন সুরুজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহতরা হলেন সুরুজ মিয়ার দুই ছেলে মো. জনি আহমেদ (৩৫) ও রাজু আহমেদ (৪০)। অন্যজন অটোরিকশা চালক মো. রাসেল (৩২)।
নিহত সুরুজ মিয়ার ভাগিনা নুর হোসেন লিখন ও আহত জনির ভাতিজা রিয়াজ উদ্দিন জানান, তাদের বাড়ি ফতুল্লার উত্তর কাশিপুর আলীপাড়া গ্রামে। তাদের অটোরিকশার গ্যারেজ ও ইট-বালুর ব্যবসা রয়েছে। ব্যবসা নিয়ে এলাকার সালাউদ্দিন সালু, হিরার সাথে তাদের একটি বিরোধ ছিল। এ ছাড়া সালু ও হিরা এলাকার একটি নির্মাণাধীন ভবনে গিয়ে আজ সকালে চাঁদা দাবি করে। ভুক্তভোগী সেই লোক এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসেবে সুরুজ মিয়ার কাছে বিচার দেন। এটি নিয়ে সুরুজ মিয়া সালু ও হিরাকে শাসন করেন।
এর জের ধরে এলাকার মসজিদে যোহরের নামাজ পড়ে বের হওয়ার পর সুরুজ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায় সালু, হিরাসহ ২০-২৫ জনের একটি দল। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে আহত করে। খবর পেয়ে ছেলেসহ স্বজনরা এগিয়ে গেলে তাদেরকেও আহত করে ঘাতকরা।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ফতুল্লা থানা পুলিশকে জানানো হয়েছে।
হত্যার পরিকল্পনা আগেই বুঝতে পেরে পালাতে চেয়েছিলেন এমপি আনার
নতুন শিক্ষাক্রম নিয়ে গ্রামের অভিভাবকরা খুশি: শিক্ষামন্ত্রী
আর্চারি ফেডারেশন থেকে সাগর পেলেন ৫ লাখ টাকা পুরস্কার