বিএনপি নেতা চাঁদ জামিনে মুক্তির পর স্ত্রীর জানাজায়

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৫:২১ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তারের ১১ মাস ৫ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। জামিনে মুক্ত হয়েই তিনি স্ত্রীর মরদেহ শেষবারের মতো দেখতে যান গ্রামের বাড়িতে। এ সময় তিনি স্ত্রীর জানাজায় অংশ নেন।

এর আগের দিন শনিবার দুপুরে আবু সাঈদ চাঁদের স্ত্রী শাহানা বেগম (৬০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মারা যান। রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে গতকাল বিকেলে তার জানাজা হয়।

আবু সাঈদ চাঁদ কারাগারে থাকা অবস্থায় গত ২৪ মার্চ তার মা আশরাফুন্নেশা মারা যান। ওই দিন আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন তিনি।

রাজশাহী কেন্দ্রীর কারাগারের জেলার আমান উল্লাহ্ জানান, চাঁদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। এসব মামলায় পর্যায়ক্রমে জামিনের কাগজপত্র আসছিল। সর্বশেষ মামলার জামিনের কাগজ গতকাল সকালে আদালত থেকে কারাগারে এসে পৌঁছায়। এরপর নিয়ম অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কারাগার চত্বর ত্যাগ করেন।

গত বছরের ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় জেলা বিএনপি আয়োজিত সমাবেশে আবু সাঈদের দেওয়া বক্তব্য ব্যাপক সমালোচিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই বক্তব্যের জেরে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা হয়। ২৫ মে রাজশাহী মহানগর পুলিশ নগরীর ভেড়িপাড়া মোড় থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করে।

আবু সাঈদ চাঁদের আইনজীবী মাহফুজুর রহমান জানান, আবু সাঈদের বিরুদ্ধে ২১টি মামলা হয়েছিল। সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেওয়া হয়েছে।

সর্বশেষ ঈদের আগে ফরিদপুরে করা একটি মামলায় তার জামিন হয়। এরপর থেকে তিনি মুক্তির অপেক্ষায় ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত