প্রথম ট্রাকের ধাক্কায় পড়ে যান খালা-ভাগ্নি, পিষে দেয় আরেকটি

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০১:২১ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের চাপায় এক শিশু ও তার খালা নিহত হয়েছেন। সোমবার (১ জুলাই) রাত আটটার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল এলাকায় ভূনবীর-শমসেরগঞ্জ সড়কে এই ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মুন্নি (৭) ও তার খালা পেয়ারা বেগম (৪৫)। নিহতদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আটটার দিকে মুন্নি ও তার খালা সড়ক পার হতে গেলে প্রথমে একটি  ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। পরবর্তীতে আরেকটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই পেয়ারা বেগম ও হাসপাতালে নেওয়ার পথে শিশু মুন্নি মারা যায়।

এদিকে এই ঘটনার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ভূনবীর-শমসেরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবৈধ বালুর গাড়ী সড়কে চলাচল বন্ধ করার দাবী জানান তারা।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে যান শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় ও শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার আবু তালেব।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, নিহতের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক দুটি ট্রাককেই আমরা আটক করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত