থানার জানালার গ্রিল ভেঙে পালাল আসামি

আপডেট : ০২ জুলাই ২০২৪, ১১:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। গতকাল সোমবার (১ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম আরজু মিয়া (২৪)। সে পার্শ্ববর্তী কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের বাসিন্দা। সোমবার সকালে উপজেলার ধরখার ফাঁড়ি থানার পুলিশ তাকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। এই ঘটনায় আসামিকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

ধরখার ফাঁড়ি থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে ফাঁড়ি থানার এসআই মো. মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকার ওসমান মিয়ার বাড়ির সামনে থেকে আরজু মিয়াকে ৪ কেজি গাঁজাসহ আটক করে। বেলা সাড়ে ১১টায় নিয়মিত মাদক মামলা দিয়ে আখাউড়া থানায় সোপর্দ করে। এরপর বেলা ২টার দিকে আসামি আরজু মিয়া পলায়ন করে। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো আসামি ধরতে পারেনি পুলিশ।

জানতে চাইলে আখাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, আসামি আরজু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষে রাখা হয়েছিল। সে ওই কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে গেছে। তাকে আটকে অভিযান অব্যাহত আছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত