অর্ধবার্ষিকীতে রেকর্ড পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১২:৫০ এএম

চলতি বছরের প্রথম অর্ধবার্ষিকীতে রেকর্ড ২ হাজার ২৫২ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে সোনালী ব্যাংক পিএলসি। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে পরিচালন মুনাফায় এবারও টানা রেকর্ড গড়েছে ব্যাংকটি। ২০২৪ সালের জুন শেষে ব্যাংকটির পরিচালন মুনাফা গত বছরের প্রথম অর্ধবার্ষিকীর চেয়ে ৫৭৩ কোটি টাকা বেশি। গত বছরের এই সময়ে ব্যাংকের পরিচালন মুনাফা ছিল ১ হাজার ৬৭৯ কোটি টাকা। টানা রেকর্ড পরিচালন মুনাফা অব্যাহত রাখার পাশাপাশি অন্য সব সূচকেও বড় অগ্রগতি লাভ করেছে সোনালী ব্যাংক। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সোনালী ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় এ বছর জুন সমাপনী শেষে ঋণ ও অগ্রিমের পরিমাণ বেড়েছে ৮ হাজার ৮৬৩ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯২৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৯০ হাজার ৬৫ কোটি টাকা। এই সময়ে আমানত ও ঋণ অনুপাতের হার ৬০ দশমিক ৫৩ থেকে বৃদ্ধি পেয়ে ৬২ দশমিক ৩১ শতাংশ হয়েছে।

রেকর্ড পরিচালন মুনাফা লাভের পাশাপাশি সদ্য সমাপ্ত অর্ধবার্ষিকীতে আমানত সংগ্রহেও বড় অগ্রগতি লাভ করেছে সোনালী ব্যাংক। ২০২৩ সালের জুন সমাপনী শেষে ব্যাংকের আমানতের স্থিতি ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৮৬ কোটি টাকা, যা চলতি বছরে অর্ধবার্ষিকী শেষে দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৭৬৩ কোটি টাকায়।

এদিকে, এ বছর জুন পর্যন্ত শ্রেণিকৃত ঋণ আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৬ কোটি টাকা। এ ছাড়া ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালের প্রথম অর্ধবার্ষিকী শেষে প্রকৃত সুদ আয় হয়েছে দ্বিগুণের বেশি। ২০২৩ সালের জুন শেষে প্রকৃত সুদ আয়ের পরিমাণ ছিল ৩৩৮ কোটি টাকা। আর ২০২৪ সালের জুন শেষে প্রকৃত সুদ আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৫ কোটি টাকায়; অর্থাৎ প্রকৃত সুদ আয় বৃদ্ধি পেয়েছে ৪১৭ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত