লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া ও এমি মার্তিনেজের মতো তারকাদের অলিম্পিকে খেলাতে চেয়েছিল আর্জেন্টিনা। বিভিন্ন সময় তারকারাও অলিম্পিকে খেলার ইচ্ছার কথা বলেছিলেন। কিন্তু ফ্রান্স অলিম্পিকের জন্য ঘোষিত দলে নেই এই তিনজনের কেউই। মেসি একদিকে যেমন চোটের সঙ্গে লড়ছেন, অন্যদিকে ইন্টার মায়ামির হয়ে ব্যস্ততাও আছে তার।
অলিম্পিক দলে না থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন মেসি নিজেই, ‘আমি মাসচেরানোর সঙ্গে কথা বলেছি এবং আমরা দুজনই সঙ্গে সঙ্গে সত্যিটা অনুধাবন করতে পেরেছি। এই মুহূর্তটা বেশ কঠিন। কোপা আমেরিকা চলছে, আমি ইন্টার মায়ামি থেকে দুই-তিন মাসের জন্য বাইরে থাকব। আর তার চেয়েও বড় কথা, এই বয়সে এসে সবকিছু খেলার জন্য আমি প্রস্তুত না। আমাকে খুব সতর্কতার সঙ্গে মুহূর্তগুলো বাছাই করতে হবে। পরপর দুটি বড় টুর্নামেন্ট খেলা আমার জন্য অনেক বেশি ঝক্কির হয়ে যাবে।’
শুরুতে অলিম্পিক নিয়ে ডি মারিয়ার আগ্রহের কথা শোনা গেলেও পরে অবস্থান পরিবর্তন করেন তিনি। কোপা আমেরিকা দিয়েই আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানাবেন এই বেনফিকা তারকা। আর মার্তিনেজের সামনে বাধার দেয়াল তুলে দিয়েছে অ্যাস্টন ভিলা। প্রাক-মৌসুম প্রস্তুতির সময় দলের প্রধান গোলরক্ষককে হাতছাড়া করতে চায়নি তারা। যে কারণে তাকে অলিম্পিকের জন্য ছাড়পত্র দেয়নি প্রিমিয়ার লিগের ক্লাবটি।
আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাসচেরানো মেসি-মারিয়া-মার্তিনেজকে না পেলেও আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াডে নিয়েছেন ২০২২ বিশ^কাপজয়ী চার ফুটবলারকে। ১৮ সদস্যের দলে থাকা এই চার ফুটবলার হলেন গোলরক্ষক জেরোনিমো রুলি, ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা। প্রথম তিনজন আবার সুযোগ পেয়েছেন সিনিয়র সদস্য হিসেবে। অলিম্পিকের ফুটবল বিভাগে সাধারণত অনূর্ধ্ব-২৩ বছর বয়সীরা খেললেও কোচ চাইলে এর চেয়ে বেশি বয়সের তিনজন খেলোয়াড়কে দলে রাখতে পারেন। আর এই কোটাতেই সুযোগ পেয়েছেন রুলি, ওতামেন্দি ও আলভারেজ।
২৬ জুলাই থেকে প্যারিসে আনুষ্ঠানিকভাবে অলিম্পিক শুরু হলেও ফুটবল মাঠে গড়াবে আরও দুই দিন আগে থেকে। আর অলিম্পিক শেষ হবে ১১ আগস্ট। গ্রুপ ‘বি’তে আর্জেন্টিনার সঙ্গী মরক্কো, ইউক্রেন ও ইরাক।
আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াড
গোলরক্ষক : জেরোনিমো রুলি (আয়াক্স) এবং লেয়ান্দ্রো ব্রেয় (বোকা জুনিয়র্স)। ডিফেন্ডার : ব্রুনো আমিওনে (সান্তোস লাগুনা), মার্কো ডি সিসারে (রেসিং), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), গনসালো লুজান (সান লরেনৎসো), হুয়াকিন গার্সিয়া (ভেলেজ) এবং হুলিও সোলের (লানুস)। মিডফিল্ডার : সান্তিয়াগো হেজে (অলিম্পিয়াকোস), ক্রিস্টিয়ান মেদিনা (বোকা জুনিয়র্স), এজেকুয়েল ফার্নান্দেজ (বোকা জুনিয়র্স), কেভিন জেনোন (বোকা জুনিয়র্স), ক্লদিও এচেভেরি (রিভার প্লেট এবং থিয়াগো আলমাদা (আটালান্টা ইউনাইটেড)।
ফরোয়ার্ড : লুসিয়ানো গোন্দো (আর্জেন্টিনোস জুনিয়র্স), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), জিওলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), লুকাস বেলত্রান (ফিওরেন্তিনা)।
