গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদের পাড়ে জুতা ও আত্মহত্যার একটি চিরকুট লিখে আত্মগোপনে ছিলেন এক কলেজছাত্রী। তার পরিবার, পুলিশ ও ডুবুরি দল তাকে উদ্ধারে ব্যর্থ হলে ৩৭ ঘণ্টা পর গতকাল বুধবার সকালে হঠাৎ নিজেই তার বাড়িতে এসে ওঠেন। উপজেলার কালিয়াদহ এলাকায় এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা গেছে, ওই কলেজছাত্রী গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিয়াদহ এলাকায় বাড়ির পাশে তুরাগ নদের পাড়ে তার জুতা ও আত্মহত্যার একটি চিরকুট লিখে আত্মগোপনে যান।
চিরকুট লিখে নিখোঁজ হওয়ায় নদীতে ঝাঁপ দিয়েছে এমন সন্দেহ হলে কালিয়াকৈর থানার পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের একদল ডুবুরি পরের দিন গত মঙ্গলবার ঘটনাস্থলে যায়। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই নদীতে উদ্ধারকাজ চালিয়েও তার খোঁজ পায়নি ডুবুরি দল।
