রাজউক পরিচালক ও স্ত্রীর ২ কোটির অবৈধ সম্পদ

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০২:৩৮ এএম

২ কোটি ১৯ হাজার ৯৯৭ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ-২) প্রকৌশলী মোবারক হোসেন ও তার স্ত্রী সাহানা পারভীনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে গত মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা দুটি করেন।

মোবারকের বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মোবারক হোসেন নিজের নামে স্থাবর ও অস্থাবরসহ ১ কোটি ১০ লাখ ৮৬ হাজার ৫৩ টাকা মূল্যের সম্পদের তথ্য থাকার ঘোষণা দেন। দুদকের অনুসন্ধানে তার আয়ের ৬৯ লাখ ৩৯ হাজার ২০৮ টাকার বৈধ উৎস পাওয়া যায়। অবশিষ্ট ৪১ লাখ ৪৬ হাজার ৮৪৫ টাকা আয়ের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। তিনি এ পরিমাণ অর্থ অসাধু উপায়ে অর্জন করে তা ভোগ-দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এ অভিযোগে মামলাটি করা হয়।

অন্য মামলার এজাহারে বলা হয়, প্রকৌশলী মোবারক হোসেনের স্ত্রী সাহানা পারভীন দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৬০ লাখ ৯০ হাজার ৫৬০ টাকার স্থাবর এবং ১ কোটি ৩৮ লাখ ৮৪ হাজার ৭০১ টাকা মূল্যের অস্থাবরসহ ১ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ২৬১ টাকার সম্পদ থাকার ঘোষণা দেন। দুদকের অনুসন্ধানে তার ৪১ লাখ ২ হাজার ১০৯ টাকা অর্জনের বৈধ উৎস পাওয়া যায়। অবশিষ্ট ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৫২ টাকার সম্পদ অর্জনের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। সাহানা পারভীন তার স্বামীর অসাধু উপায়ে অর্জিত অর্থের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত এ সম্পদ অর্জন করেছেন। সাহানা পারভীন ও তার স্বামী মোবারক হোসেন পরস্পর যোগসাজশে একে অন্যকে সহযোগিতার মাধ্যমে ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৫২ টাকার অবৈধ সম্পদ ভোগ-দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত