দুই দিনের সফরে আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিকেল ৪টায় সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। এর আগে মুন্সীগঞ্জে পদ্মা সেতুর দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আগামীকাল শনিবার কয়েকটি কর্মসূচি শেষে বিকেলে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি শেষ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জানা যায়, প্রধানমন্ত্রী আজ বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। কাল শনিবার টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণসহ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করবেন।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুবু আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
