টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৯:১২ পিএম

দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান তিনি। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন প্রধানমন্ত্রী। এরপর আত্মীয়-স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। প্রধানমন্ত্রী নিজ বাসভবনে শুক্রবার রাত্রিযাপন করবেন।

এ সময় শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ কবির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাসার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কোটালীপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস উপস্থিত ছিলেন।

আগামীকাল শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার-এর উদ্বোধন এবং এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন। দুপুর ১২টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করার কথা রয়েছে বলে জানা গেছে। বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফাতিহা পাঠ এবং মোনাজাতে অংশ নেবেন। পরে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত