ধর্ষণের শিকার নারীকে আত্মহত্যায় প্ররোচনা, আটক ১

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০১:৫১ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষিতাকে প্ররোচিত করে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগে করা মামলায় ধর্ষক জহিরের পিতা রেজাউলকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে তার নিজ এলাকা বিশনন্দী ইউনিয়নের চালাকচর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেজাউল ওই এলাকার ছলিম উদ্দিনের ছেলে।

এজাহার সূত্রে জানা যায় যে, ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর রেজাউলের ছেলে জহির রায়হানের (১৯) বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা হয়। জহির রায়হান মানিকপুর গ্রামের এক কিশোরীকে (১৬) বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটিকে ওই বছরের ২৫ আগস্ট আড়াইহাজার বাজারের একটি মার্কেটে এনে জোরপূর্বক ধর্ষণ করেন।

এ মামলায় ধর্ষক জহির গ্রেপ্তারের পর চলতি বছরের ২৪ মে জামিনে বাড়িতে আসেন। বাড়িতে এসে ধর্ষক ও তার পিতা রেজাউলসহ তাদের পরিবারের লোকজন ধর্ষিতাকে মানিকপুর বাজারে রেজাউলের দোকানের সামনে আটকে মারধর করেন এবং মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। এতে রাগে দুঃখে ধর্ষিতা বিষপান করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, ‘গ্রেপ্তার রেজাউলকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত