আওয়ামী লীগ সভাপতিকে পেটালেন সাধারণ সম্পাদক

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০১:৫৮ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাহেবের হাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত চর ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রিপন। আবু বক্কর সিদ্দিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক অভিযুক্ত সাইফুদ্দিন রিপনসহ ১৩ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেন।

আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক জানান, আমজাদ হোসেন ও তার ছেলে পারভেজসহ একাধিক লোক চর জগবন্ধু এলাকায় ১৩০ শতাংশ জমি দখলের চেষ্টা করে। তাদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। আদালত স্থানীয় ভূমি তহশিলদারকে সরেজমিন তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেন। তহশিলদার তদন্ত সাপেক্ষে ভূমির দখল সত্যতায় আবু বক্করের পক্ষে প্রতিবেদন দাখিল করেন। আদালত বিরোধীদের অনধিকার প্রবেশ ও দখলে চেষ্টায় নিষেধাজ্ঞা দেন।

তিনি আরও জানান, গতকাল শুক্রবার জমি চাষ করতে ট্রাক্টর নামালে আমজাদ, পারভেজ, সাইফুদ্দিন রিপনসহ ১০-১২জন লোক অতর্কিত হামলা করে তাকে আহত করেন। অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রিপন জানান, চর জগবন্ধু মাতাব্বর হাট এলাকায় তার চাচার কিছু জমি রয়েছে। দীর্ঘদিন জমিগুলো তার চাচার দখলে থাকায় আবু সিদ্দিক অন্য ব্যক্তির নামে খাস নথিভুক্ত করে জোরপূর্বক দখলের চেষ্টা করেন। জমি উদ্ধারের চেষ্টায় আদালতে মামলা রয়েছে। আবু সিদ্দিক জোরপূর্বক ট্রাক্টর নামিয়ে চাষ করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। তার উপর কেউ হামলা করেনি। তিনি দৌড়ে পালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যান। তারা হামলার ঘটনায় জড়িত নন। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তওহিদুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, আওয়ামী লীগ নেতা আবু বক্কর ছিদ্দিককে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত