চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন প্রজাতির ৭ হাজার ১১০ কেজি সামুদ্রিক মাছসহ আটজনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত দুইটি ট্রাক ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। আর মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ জুলাই) ভোররাত থেকে সকাল পর্যন্ত সময়ে উপজেলার তৈলারদ্বীপ সেতুর উত্তরে পিএবি সড়ক থেকে ট্রাকসহ মাছগুলো জব্দ করা হয়।
আটক ৮ ব্যক্তি হলেন, কায়সার মিয়া (৫৫),রেজাউল আজিম (২৯),আবদুল করিম (৩৪),জাবের হোসেন (৩৯),রেজাউল করিম (৪২), বেলাল হোসেন (২৫), মো.আজিম (২৮) ও আবদুল শুক্কুর (২৮)।
নৌ পুলিশ জানায়, ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে অতি গোপনে সাগরে মাছ শিকার করে চালান করা হচ্ছে, এমন তথ্য পেয়ে তৈলারদ্বীপ সেতুর উত্তরে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় নৌ পুলিশ। এ সময় বাঁশখালী ও পেকুয়া থেকে আসা চট্টগ্রামমুখী দুইটি ট্রাক ও একটি পিকআপ গাড়ি আটক করা হয়। গাড়িগুলোতে তল্লাশি চালিয়ে ৮২টি প্লাস্টিকের ড্রামভর্তি লইট্টাসহ বিভিন্ন প্রজাতির ৭ হাজার ১১০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। এ সময় গাড়ির চালকসহ মাছ চালানে জড়িত আটজনকে আটক করা হয়েছে।
বার আউলিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই টিটু দত্ত বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনোয়ারা থানায় পৃথক তিনটি নিয়মিত মামলা হয়েছে। আগামীকাল সোমবার তাদেরকে আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে উপজেলা মেরিন ফিশারি কর্মকর্তা মো.হুজ্জাতুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে সাগর থেকে মাছগুলো শিকার করা হয়েছে। জব্দ মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
