অভিষিক্ত ম্যাচে শূন্য রান করে আউট হয়েছিলেন। পরের ম্যাচেই সেঞ্চুরি করলেন অভিষেক শর্মা। এক দিনের তফাতে বদলে গেল তার ভাগ্য। পর পর তিনটি ছক্কা মেরে শতরান করলেন তিনি। ভারতের হয়ে সব থেকে কম ইনিংস খেলে টি-টোয়েন্টিতে শতরানের রেকর্ড গড়লেন অভিষেক। দুইবার জীবন পেয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসেই শতরান করলেন তিনি। তার সেঞ্চুরির পর রুতুরাজ গায়কোদ ও রিংকু সিং তাণ্ডব চালিয়েছিলেন। তাতে ২৩৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।
রবিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪৬ বলে সেঞ্চুরি করলেন অভিষেক। তার ব্যাট থেকে এসেছে আটটি ছক্কা। অথচ ইনিংসে অষ্টম ওভারেই ফিরে যেতে পারতেন তিনি। লুক জঙ্গুয়ের বলে ক্যাচ মিস করেন ওয়েলিংটন মাসাকাদজা। পরে ১৩তম ওভারে সিকান্দার রাজার বলেও আউট হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ক্যাচ ছাড়েন লং অফে থাকা ফিল্ডার। সেটা পরে চার হয়ে যায়।
এদিন শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন অভিষেক। আইপিএলে তাকে এভাবেই ব্যাট করতে দেখা গিয়েছিল। সে কারণেই ভারতীয় দলে সুযোগ দেওয়া হয় অভিষেককে। প্রথম ম্যাচে চার বলে শূন্য রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেই শতরান করে বুঝিয়ে দিলেন তাকে দলে নিয়ে ভুল করেননি নির্বাচকেরা।
জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে কখনও কোনো ভারতীয় ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করেননি। অভিষেকই প্রথম সেই কীর্তি গড়লেন।
ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন অভিষেক। এই বছর মার্চে তার নাম জড়িয়ে গিয়েছিল সুরাতের তরুণী মডেল তানিয়া সিংহের মৃত্যুর সঙ্গে। অভিষেককে ডেকে জেরা করে পুলিশ। তানিয়া মৃত্যুর আগে কথা বলেছিলেন অভিষেকের সঙ্গে। সেই ঘটনা ভারতীয় ক্রিকেটারের জীবনে একটা চাপ তৈরি করেছিল।
২৩ বছরের অভিষেক যদিও খেলায় সেটার ছাপ পড়তে দেননি। এ বারের আইপিএলে ১৬ ম্যাচে ৪৮৪ রান করেন। তার স্ট্রাইক রেট ছিল ২০৪.২২। আইপিএলে ৪২টি ছক্কা মেরেছিলেন অভিষেক। ভারতের জার্সিতেও তাকে সেই ফর্মে দেখা গেল।
ভারতের অধিনায়ক শুভমন রবিবার বেশি রান করতে পারেননি। দ্রুত আউট হয়ে যান তিনি। ভারতের হয়ে ইনিংস গড়ার দায়িত্ব ছিল অভিষেক এবং রুতুরাজ গায়কোয়াড়ের উপর। রুতুরাজ এক দিক ধরে রেখেছিলেন। অভিষেক আক্রমণ করতে থাকেন। ৩৩ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। পরের ৫০ রান করতে অভিষেক নেন মাত্র ১৩ বল।
তিনি আউট হয়ে যাওয়ার পরও ভারতের ব্যাটিং তাণ্ডব থামেনি। শেষ পর্যন্ত রুতুরাজ ৪৭ বলে ৭৭ ও রিংকু সিং ২২ বলে ৫ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন।
