ধর্মমন্ত্রীর ডাকবাংলো থেকে খেলনা পিস্তলসহ আটক ২

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৭:৪৪ পিএম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ডাকবাংলোতে থাকাকালে খেলনা পিস্তলসহ দুই তরুণকে আটক করেছে পুলিশ। তারা হলেন—মো. তানভীর আহাম্মেদ তপু ও মো. নিহাল আহাম্মেদ ললাট। বিষয়টি সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিত রায় নিশ্চিত করেছেন।

গতকাল রবিবার (৭ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার থানা মোড় এলাকার ডাকবাংলো থেকে তাদেরকে আটক করা হয়।

আটক তানভীর আহাম্মেদ তপু জেলার মেলান্দহ উপজেলার ভয়রা ভাংগা এলাকার হাজী আবুল হোসেনের ছেলে এবং মো. নিহাল আহাম্মেদ ললাট একই উপজেলার পাছুরপাড়া এলাকার আলতাবুর রহমানের ছেলে।

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং তিনি জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে টানা চারবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ডাকবাংলোতে থাকাকালে তার আশপাশে অপরিচিত দুই যুবককে ঘুরাঘুরি করতে দেখা যায়। এ সময় তাদের কোমরে পিস্তল সদৃশ বস্তু দেখতে পায় স্থানীয় নেতাকর্মীরা। পরে তারা ওই দুই তরুণকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটআস্থল থেকে দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসেন।

সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিত রায় বলেন, ‘ওই দুই তরুণকে ডাকবাংলো থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় নিয়ে দেখা যায় পিস্তল সদৃশ বস্তুটি একটি খেলনা পিস্তল। যেটি গ্যাস লাইট হিসেবে ব্যবহার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেমন কোন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। তবে খুব দ্রুত আদালতে প্রেরণ করা হবে।

এ বিষয়ে কথা বলতে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তিনি অফিসিয়াল সভায় ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত