পিএসসির প্রশ্ন ফাঁস করে গাড়িচালকের অঢেল সম্পদ

ছেলেসহ গ্রেপ্তার ১৭

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৬:১৪ এএম

বিসিএস প্রিলিমিনারি ও লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত রবি ও গতকাল সোমবার ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রাতে সিআইডির আভিযানিক দলের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্য বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক আবেদ আলী জীবন, তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, পিএসসির উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, পিএসসির সহকারী পরিচালক এসএম আলমগীর কবির ও নিখিল চন্দ্র রায় এবং অফিস সহায়ক খলিলুর রহমান রয়েছেন। বাকিদের নাম এখনো জানা যায়নি।

সংশ্লিষ্টরা জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে কেউ কেউ কয়েকশ কোটি টাকার মালিক। আলোচিত এ ঘটনার তথ্য ফাঁস হওয়ার পর পুলিশের বিশেষ ইউনিট অভিযানের প্রস্তুতি নিয়ে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসে। এ বিষয়ে শিগগির একটি সংবাদ সম্মেলন করা হবে।

জানা গেছে, বিসিএস প্রিলিমিনারি ও লিখিতসহ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংবাদ প্রকাশের পর অভিযানে নামে সিআইডি। গত দুদিন ধরে সিআইডির কয়েকটি টিম ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে একযোগে বিশেষ অভিযান চালায়। বিষয়টি টের না পাওয়ায় জড়িতদের সহজেই তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তাদের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর আলোচনা চলে। বিশেষ করে গাড়িচালক আবেদ আলীর সহায়-সম্পত্তি নিয়েই বেশি আলোচনা হয়।

জানা গেছে, সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলায়। প্রশ্ন ফাঁস করে সাবেক এই গাড়িচালক বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন। ঢাকায় ও গ্রামে তার একাধিক বাড়ি, গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে। সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারও চালিয়েছিলেন আবেদ আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত