শুক্রবার বিয়ে, মঙ্গলবার পানিতে ডুবে মৃত্যু যুবকের

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৯:৪৭ পিএম

জামালপুরের মেলান্দহে বিয়ের তিনদিন আগে পানিতে ডুবে মো. সোহেল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গোসল করতে গিয়ে পানিতে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর তার মরাদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (৯ জুলাই) বিকালে উপজেলার নাংলা ইউনিয়নের নৈলারঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সোহেল মেলান্দহ পৌর শহরের প্রথম বাড়ইপাড়া এলাকার মো. শওকত আলীর ছেলে। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপে কাজ করতেন। ঈদে তিনি ঢাকা থেকে বাড়ি আসেন, তারপর আর ঢাকায় ফিরে যাননি। আগামী শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল ও তার বন্ধুরা মিলে নৈলারঘাট এলাকায় বন্যার পানিতে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে না পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে।

নিহতের বাবা শওকত মিয়া বলেন, শুক্রবার ছেলের বিয়ের দিন ঠিক করা হয়েছিল। তার আগেই এমন ঘটনা ঘটল। এমন মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছি না।

মেলান্দহ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোলায়মান হোসেন বলেন, বন্যার পানিতে গোসল করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুনেছি তার বিয়ে ঠিক হয়েছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মেলান্দহ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। কোনও অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত