যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন মৌসুমী?

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৭:৪০ এএম

শিল্পীদের দেশের বাইরে স্থায়ী হওয়া নতুন কিছু নয়। গেল দুই দশকে অনেক ঢাকাই শিল্পীই একটা সময়ে অভিনয় থেকে বিরতি নিয়ে দেশের বাইরে স্থায়ী হয়েছেন। সেটা নব্বই দশকের শাবানা, বিপাশা হায়াত, শাবনূর থেকে শুরু করে এই সময়ের অনেকেই রয়েছেন। অতীতের তুলনায় সাম্প্রতিককালে বাংলাদেশের শোবিজ তারকাদের বিদেশ ঘোরার প্রবণতা বেশি লক্ষ করা যাচ্ছে। কেউ যাচ্ছেন স্টেজ শো করতে, কেউ বা যাচ্ছেন ব্যক্তিগত কাজ বা নেহাতই ঘুরতে।

তবে কিছু তারকা আছেন যারা আর দেশে ফিরে আসেন না। প্রবাসেই থেকে যান। সেই সংখ্যাও কম নয়। সেই তালিকায় রয়েছেন টনি ডায়েস-পিয়া ডায়েস দম্পতি, নওশীন-হিল্লোল দম্পতি, কণ্ঠশিল্পী বেবি নাজনীন, রিজিয়া পারভিন, দিনাত জাহান মুন্নি, বাদশাহ বুলবুল, সায়েরা রেজা, ব্যান্ড তারকা বিপ্লব, চিত্রনায়ক কাজী মারুফ, চিত্রনায়িকা রাত্রি, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রিচি সোলায়মান, রোমানা, শ্রাবন্তী, মোনালিসা, তমালিকা কর্মকার, বন্যা মির্জা, দিলরুবা ইয়াসমিন রুহি, নোভা ফিরোজ, মিলা হোসাইন, পিয়া বিপাশা, আর্শিনা প্রিয়া, আমব্রিন সারজিন, ঈশানা, ইশিকা খান, বেনজির ইসরাত, শিরিন বকুল, রেহানা রাখি, নির্মাতা শামীম শাহেদসহ আরও অনেক তারকা যারা এখন বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বাস করছেন।

এরমধ্যে বেশ অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমী। আগে যুক্তরাষ্ট্রে গেলে দ্রুতই দেশে ফিরেছেন তিনি, কিন্তু এবার দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করছেন। তাতে অনেকেই মনে করছেন, দেশটির স্থায়ী বাসিন্দা হতেই সেখানে বেশিদিন অবস্থান তার। ফেরার প্রসঙ্গে জানতে চাইলে বরাবরই তিনি জানিয়েছেন শিগগিরই ফিরবেন।

কবে দেশে ফিরছেন প্রিয়দর্শিনী, এমন প্রশ্নই মৌসুমী অনুরাগীদের। এই প্রসঙ্গে যোগাযোগ করা হয় নায়িকার স্বামী ও জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে। এমন প্রশ্ন করতেই দেশ রূপান্তরকে তিনি বললেন, ‘যখন ফেরার সময় হবে তখনই ফিরবেন।’ সেই সঙ্গে এই প্রতিবেদককে বললেন, ‘চাকরি দেবেন আপনারা নাকি কোনো ছবি দেবেন? ও তো ছবি করবে না। এত ভাবনার কী আছে? যারা বর্তমানে আছে তাদের নিয়েই ভাবেন না! বাদ দেন না! এক সময়ে মেগাস্টার, সুপারস্টার ছিল; এখন তো আর নেই।’

সেই প্রসঙ্গ টেনে তাকে প্রশ্ন করা হয়, তবে কি যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন তিনি? এমন প্রশ্নের উত্তরে ওমর সানী বললেন, ‘আমি তো একবারও বলিনি এটা। সময় হলে অবশ্যই চলে আসবে। এখন কবে আসবে সেটা তো আমি বলতে রাজি না। আর উনি সেখানে কেন স্থায়ী হবেন? আমাদের আসলে বাইরে গিয়ে সেটেল হওয়ার কোনো ইচ্ছে নেই। এখানে আমার রেস্টুরেন্ট আছে, সামনে আরেকটা উদ্বোধন করব। এগুলো এখানে রেখে ওখানে গিয়ে কি গান করব আমি? অবশ্যই না। এখানে থাকার জন্যই।’

সবশেষে তিনি বলেন, ‘একটা সময়ে বাবা-মায়েদের জন্য ছেলেমেয়েদের সুখটাই হচ্ছে আসল। মৌসুমী সবার কাছে মেগাস্টার, সুপারস্টার হলেও তার সন্তানের কাছে কিন্তু শুধু মা। মাকে তার সন্তানরা যেভাবে পরিচালনা করবে সেভাবেই পরিচালিত হবে। মেয়ের জন্যই সেখানে রয়েছেন তিনি।’

যুক্তরাষ্ট্রে মা-বোন ও দুই সন্তানের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি শুটিং ও শোতেও অংশ নিচ্ছেন মৌসুমী। সেখানে হাসান জাহাঙ্গীরের পরিচালনায় ‘কন্ট্রাক্ট বিয়ে’ নামে একটি সিরিজে অভিনয় করেন। এরপর ‘অর্ধাঙ্গিনী’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন। এতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন তরিকুল ইসলাম মিঠু। এটি নির্মাণ করছেন সৈয়দ আর ইমন।

এদিকে দেশে ফেরা প্রসঙ্গে মৌসুমী নিজে কিছু না বললেও সম্প্রতি এক ভিডিওতে আক্ষেপ প্রকাশ করেছেন। জানালেন, হলিউড-বলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সন্তানদের সিনেমা ইন্ডাস্ট্রিতে দেখা যায়। তবে বাংলাদেশে এই চিত্রটা একেবারেই ভিন্ন। শাবানা, ববিতা, কবরী থেকে শুরু করে জসিম, ফারুক, আলমগীরদের মতো তারকাদের তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও এ পথে পা মাড়াননি তাদের সন্তানরা।

প্রিয়দর্শিনীর ভাষ্যে, ‘ছেলেসন্তানদের ক্ষেত্রে বাধা না থাকলেও কন্যাসন্তানদের নায়িকা হতে দিতে চাইছেন না শিল্পীরা। সব নায়ক-নায়িকাকে দেখি তাদের ছেলেরা যদি সিনেমা করতে চায়, তাদের না করেন না। কিন্তু মেয়ে কখনো যদি নায়িকা হতে চায়, সেটা নিয়ে সবাই একটু অমত পোষণ করেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত