হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হককে (সুমন) হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে সোহাগ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সিটিটিসি। সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান বলেন, সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন) তাকে হত্যার হুমকির ঘটনায় গত ২৯ জুন রাতে ডিএমপির শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় সিটিটিসি ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হবিগঞ্জে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তার করা হয়।
জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেন, গত ২৭ জুন ঢাকায় অবস্থানকালে রাত ২টার দিকে তার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ওসি সরকারি মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে বলেন, ‘আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে ৪-৫ জনের একটি দল নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন।’
