ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের একমাত্র সড়কটির একাংশ ধসে গেছে। এতে আশপাশের ১১ গ্রামের ২০ হাজার মানুষ প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে এ ধসের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এ সড়ক ব্যবহার করেই কয়েক গ্রামের কৃষিপণ্য আশপাশের হাট-বাজারে নেওয়া হয়। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে সড়কের একাংশ ধসে যায়। এতে খোয়াড় গ্রামসহ পাশের গোয়ালপাড়া, খাগইড়, গোবিন্দপুর, সেনহাঁটি, গৌড়দিয়া, সিংহপ্রতাপ, বালিয়া, গট্টি, ভাবুকদিয়া ও ঠেনঠেনিয়া গ্রামের মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটি গট্টি ইউনিয়নের ঠেনঠেনিয়া বাজার থেকে আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রাম হয়ে গৌড়দিয়া বাজারে মিলিত হয়েছে। কয়েকদিনের প্রবল বৃষ্টিতে খোয়াড় গ্রামে সড়কটির পিচসহ মাটি ধসে পাশের ডোবায় গিয়ে পড়েছে। ফলে সেখানে তৈরি হয়েছে বড় আকারের গর্ত।
খোয়াড় গ্রামের বাসিন্দারা বলেন, তাদের চলাচলের প্রধান সড়কটি বৃষ্টিতে ধসে গেছে। এতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিছুর রহমান বালী বলেন, ‘আমরা ধসে যাওয়া ওই সড়কের কয়েকটা ছবি মোবাইলে দেখেছি। দ্রুত সময়ের মধ্যে ধসে যাওয়া সড়কটি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’
