আর একটি শিরোপা জিতলেই টেনিস ইতিহাসে এককভাবে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্ল্যাম জয়ী খেলোয়াড় বনে যাবেন নোভাক জকোভিচ। আজ উইম্বলডন ফাইনালে জয় পেলে এককে ২৫ গ্র্যান্ডস্ল্যাম পূর্ণ হবে ৩৭ বছরের জকোভিচের। তার দারুণ কীর্তি গড়ার পথে বাধা হয়ে আছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। তৃতীয় বাছাই আলকারাজ গত বছর উইম্বলডনের ফাইনালে হারিয়েছিলেন জকোভিচকে। এবারও একই কাজ করতে চান তিনটি গ্র্যান্ডস্ল্যামজয়ী ২১ বছর বয়সী স্প্যানিশ তরুণ।
আলকারাজ ফাইনালে উঠে বলেন, ‘আমার এখন আর নিজেকে নতুন মনে হয় না। আমি জানি ফাইনালের আগের অনুভূতি। আমি আগেই উইম্বলডনের ফাইনাল খেলেছি। আমি তাই করার চেষ্টা করব যেটি আমি গত বছর করেছিলাম অর্থাৎ ভালো করা এবং জেতা।’ আলকারাজ নিজে ফাইনালে নামার আগে শুভকামনা জানিয়েছেন স্পেনের ফুটবল দলকেও। তার মতে স্প্যানিশদের জন্য আজ দারুণ এক দিন হতে পারে। ইউরোর ফাইনালে রাতে স্পেন মুখোমুখি হবে ইংল্যান্ডের। বলেন, ‘আশা করছি রবিবার দিনটি স্প্যানিশদের জন্য ভালো কাটবে।’ আলকারাজ এ কথা বলায় সেন্টার কোর্টে অনেকে তাকে দুয়োও দেয়। এরপরই আলকারাজ যোগ করেন, ‘আমি বলছি না স্পেন জিতবে আমি শুধু বলতে চাচ্ছি দারুণ এক দিন কাটবে।’
এ নিয়ে ৩৭তম বার কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে খেলবেন জকো। উইম্বলডনে এটি তার দশম ফাইনাল। এর আগে জকোভিচ ৭টি উইম্বলডন জিতেছেন। এর একটি জিতলে তিনি ছুঁয়ে ফেলবেন রজার ফেদেরারকে। ৮টি উইম্বলডন জিতেছেন ফেদেরার।
আলকারাজকে নিয়ে সতর্ক থাকছেন তৃতীয় বাছাই জকোভিচ। বলেন, ‘সে (আলকারাজ) আমাকে এখানে হারিয়েছে গতবার পাঁচ সেটের থ্রিলারে। তাই আমি মনে করি দুর্দান্ত একটি ম্যাচ হবে। সে পরিপূর্ণ একজন খেলোয়াড়। তাকে হারাতে আমার নিজের সেরাটাই দিতে হবে।’ আলকারাজের আরও প্রশংসা করেছেন জকোভিচ। মজার করে আরও বলেন, ‘সে আরও অনেকগুলো গ্র্যান্ডস্ল্যাম জিতবে কিন্তু আশা করছি এবার নয়। সে জিতুক যখন আমি অবসর নেব।’
ইনজুরির কারণে ২০২৪ ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনালের আগেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন জকোভিচ। সেই গ্র্যান্ডস্ল্যামটি নিজের করে নেন আলকারাজ। আজ উইম্বলডন জিতলে অনন্য কীর্তি গড়বেন আলকারাজও। প্রথম স্প্যানিশ হিসেবে টানা দুটি উইম্বলডন জয়ী খেলোয়াড় হবেন। জকোভিচ ও আলকারাজ এর আগে পাঁচবার মুখোমুখি হয়েছিলেন। তিনবার জিতেছেন জকোভিচ, দুবার আলকারাজ।
