বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সম্প্রতি ১৯৫ সঙ্গী নিয়ে চীন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের কাছে চাইল ২০ বিলিয়ন ডলার, আশ্বাস পেল এক বিলিয়ন ইউয়ানের। ডলার চেয়ে খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন প্রধানমন্ত্রী। দেশ বিক্রির মহাজন হয়েছেন শেখ হাসিনা। ভারতকে নিরাপদ করতে বাংলাদেশকে অনিরাপদ করেছেন তিনি।’
গতকাল শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন ভাসানী ভবনে জাতীয়তাবাদী ওলামা দলের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামাল, এটিএম আবদুল বারী ড্যানী প্রমুখ।
এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘ভারতের সঙ্গে অসম চুক্তি-বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর হুমকি’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘আজ নানা দিক থেকে আওয়াজ উঠছে। কোটা সংস্কারের আন্দোলন হচ্ছে। তাদের কোনো রাজনৈতিক দল আন্দোলন করতে বলেনি। কোটা সংস্কারে শিক্ষার্থীরা বলছেন, এ সরকারের ওপর তাদের কোনো আস্থা নেই। মেধার কোনো দাম নেই। দুর্নীতির মধ্য দিয়ে লবিংয়ের মাধ্যমে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত করে ফেলছে।’
