‘বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেছি, আমাকে গ্রেপ্তার করুন’

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৭:৫৬ পিএম

মৃত্যুর এক সপ্তাহের পর বাবার হত্যার দায় স্বীকার করেছে এক কিশোরী। গত ১২ জুলাই রাতে খুলনার মহানগরীর দৌলতপুর থানায় গিয়ে এই দায় স্বীকার করে ওই কিশোরী। পুলিশকে তিনি বলেন, বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেছি। আমাকে গ্রেপ্তার করুন। পুলিশের কাছে সে আরও দাবি করেন, রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে এবং পরে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পুলিশ কিশোরীকে হেফাজতে রেখে বিষয়টি অনুসন্ধান করছে।

এলাকাবাসী জানায়, খুলনা মহানগরীর দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়া এলাকার বাসিন্দা শেখ হুমায়ুন কবির। তার তিন মেয়ে। বড় মেয়ে বিবাহিত। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে দেয়ানার বাড়িতেই থাকতেন ব্যবসায়ী হুমায়ুন। থানায় হাজির হওয়া কিশোরী ছোট মেয়ে। সে একাদশ শ্রেণিতে ভর্তির অপেক্ষায় রয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, হুমায়ুনের ছোট মেয়ে শুক্রবার রাতে থানায় আসে। থানায় এসে জানায় সে তার বাবাকে হত্যা করেছে, তাকে গ্রেপ্তার করা হোক। তাকে রাতে একাধিকবার এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে। মনে হচ্ছে কিশোরী মানসিকভাবে অসুস্থ। এ জন্য আরও অনুসন্ধান করা প্রয়োজন।

ওসি জানান, ওই কিশোরির বড় বোন মরিয়ম আদালতে এ বিষয়ে আবেদন করবেন বলে জানিয়েছে। তখন আদালত প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। সে আলোকেই পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

জানা গেছে, গত ৫ জুলাই দৌলতপুর এলাকার ব্যবসায়ী শেখ হুমায়ুন কবীরের মরদেহ ঘর থেকে উদ্ধার হয়। হৃদরোগে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানানো হয়। পরিবারের লোকজন বলে আগের রাতে ভাত খেয়ে ঘুমাতে যাওয়া ব্যবসায়ী হুমায়ুন সকালে ঘুম থেকে ওঠেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত