‘নিখোঁজ’ ছাত্রদল নেতার অবস্থান জানাতে নির্দেশ

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৭:৪৮ এএম

১৪ দিন ধরে ‘নিখোঁজ’ ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। পুলিশের মহাপরিদর্শককে অনতিবিলম্বে এ তথ্য জানাতে বলেছে হাইকোর্ট। আতিকের বাবা আবুল হোসাইন সরদারের করা রিট মামলার ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। রুলে আতিকুরকে অবৈধভাবে হেফাজতে রাখা হয়নি, এটা নিশ্চিত করতে কেন তাকে হাজির করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনার, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি), লালবাগ জোনের  উপকমিশনার, লালবাগ থানার ওসিকে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কায়সার কামাল।

আইনজীবীর তথ্যমতে, ৯ জুলাই একটি জাতীয় দৈনিকে ‘আট দিন ধরে নিখোঁজ ছাত্রদল নেতা আতিক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী,  নিখোঁজ আতিকুর রহমান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক এবং একই সংগঠনের ঢাকা কলেজ শাখার সহসভাপতি। পরিবারের বরাতে বলা হয়, ১ জুলাই পুরান ঢাকার আজিমপুর অগ্রণী স্কুলের সামনে আতিকুর নিখোঁজ হন। এখনো তার খোঁজ পাওয়া যায়নি। তার পরিবার সংশ্লিষ্ট থানা-পুলিশ, হাসপাতাল, র‌্যাব, গোয়েন্দা সংস্থা সব জায়গায় খোঁজ নিয়েছে। কোথাও তার হদিস নেই। আতিকের সন্ধানে তার বাবা, দুই বোন পাগলপ্রায়। হঠাৎ করে কেন তার এ নিরুদ্দেশ, তা নিয়ে সংগঠনে চলছে নানা আলোচনা। বিএনপি নেতাদের সন্দেহ আতিক গোয়েন্দা হেফাজতে আছেন। ছেলের সন্ধান পেতে আতিকুরের বাবা আবুল হোসাইন  সরদার ১০ জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি হেবিয়াস কর্পাস রিট করেন। ব্যারিস্টার কায়সার কামাল দেশ রূপান্তরকে বলেন, ‘রাষ্ট্রের একজন নাগরিক ১৪ দিন ধরে নিখোঁজ। এখনো তার হদিস মিলছে না। আদালত অবস্থান জানাতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত