কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়৷ আজ সোমবার বিকেলের পর থেকে শহিদুল্লাহ হলে শুরু হয় সংঘর্ষ। কোটা সংস্কারপন্থীরা অবস্থান নেয় হলের ভেতরে এবং ছাত্রলীগ হল সংলগ্ন চানখারপুল সড়কে।
সংঘর্ষ চলাকালের হলে আটকা পড়েন ছাত্রলীগ নেতা মাহাদী কাব্য। তিনি হল শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে হলের একটি ইউনিটের দ্বিতীয় তালা থেকে লাফ দেন কাব্য। রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নেওয়া হয়।
তাকে নিয়ে মেডিকেলে আসা এক সহপাঠী বলেন, সংঘর্ষ চলাকালে মাহাদী কাব্য তার হলে (ড.মুহম্মদ শহীদুল্লাহ) প্রবেশ করে। এ সময় কোটা আন্দোলনকারীরা ও ছাত্রদলের কর্মীরা তার ওপর আক্রমণ করে। জীবন বাঁচতে সে হল থেকে লাফিয়ে নিচে পড়ে। এ ঘটনায় তার হাত পা-সহ দেহের বিভিন্ন অংশ আঘাত পায় ও ক্ষতিগ্রস্ত হয়। পরে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগ চিকিৎসা করায়। এখন তাকে ওয়ার্ডে দিয়েছে।
