অধ্যক্ষ পদে চাকরি করছেন ইউপি চেয়ারম্যান

তদন্তে সত্যতা মিলেছে ব্যবস্থা নিতে সুপারিশ

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৭:২৫ এএম

একই সঙ্গে কলেজের অধ্যক্ষ ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন রাজশাহীর জেলা প্রশাসক। গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমানকে নিয়ে দৈনিক দেশ রূপান্তরসহ কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশের পর স্থানীয় প্রশাসন তদন্ত করে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জেলা প্রশাসক শামীম আহমেদ গত ৭ জুলাই স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর সুপারিশ পাঠিয়েছেন। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে তিনি চিঠি পাঠান।

জেলা প্রশাসক চিঠিতে উল্লেখ করেন, গণমাধ্যমের খবরের সূত্র ধরে বিষয়টি গোদাগাড়ীর ইউএনওকে তদন্ত করতে বলা হয়। তদন্ত করে ইউএনও জানান, গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান একই উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদে কর্মরত আছেন। একই ব্যক্তি অধ্যক্ষ পদে এবং চেয়ারম্যান পদে কর্মরত

থাকার কারণে দুটি কর্মক্ষেত্রেই তিনি নিয়মিত সময় দিতে পারেন না। যার ফলশ্রুতিতে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে অনেক জনসাধারণকে বিভিন্ন কাগজে/সনদে/প্রত্যয়নপত্রে চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য অপেক্ষারত অবস্থায় দেখা যায়।

প্রসঙ্গত, গত ২৭ জুন দৈনিক দেশ রূপান্তরে ‘অধ্যক্ষ পদে চাকরি করছেন ইউপি চেয়ারম্যান!’ শিরোনামে একটি খবর ছাপা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত