হেলমেট পরে লাঠি নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছে ছাত্রলীগ

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০২:৫৪ পিএম

হেলমেট পরে হাতে লাঠিসোঁটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য মোড়ে জড়ো হচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটের পর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসি মোড়ে এসে জড়ো হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, দুপুর ২টা ২০ মিনিটের পর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে টিএসসি মোড়ে হাজির হতে থাকেন। এ সময় তাদের মাথায় ছিল হেলমেট এবং হাতে ছিল লাঠি। ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিচ্ছেন। ছাত্রলীগের নেতাকর্মীর কেউ কেউ লাঠি হাতে নিয়ে রাজু ভাস্কর্যের সামনে রাস্তায় বসে পড়েন।

এ ছাড়া মধুর ক্যান্টিন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সামনেও হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হলগুলোতেও শিক্ষার্থীদের কোটা আন্দোলনের কর্মসূচিতে না যেতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত