কারাগারে নতুন বন্দি রাখার জায়গা না থাকায় কয়েক হাজার কয়েদিকে সাজা পূরণ হওয়ার আগেই মুক্তি দিতে চলেছে যুক্তরাজ্য। দেশটির নতুন বিচারমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, পুরুষ কয়েদিদের জন্য ব্রিটিশ কারাগারগুলোয় মাত্র ৭০০টি জায়গা খালি রয়েছে। ২০২৩ সাল থেকেই কারাগারগুলোর ৯৯ শতাংশ ধারণক্ষমতা পূরণ হয়ে রয়েছে। এ অবস্থায় নতুন কয়েদিদের রাখার জন্য কয়েক হাজার পুরনো কয়েদিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।
এএফপি জানিয়েছে, চার বছরের বেশি সাজাপ্রাপ্ত সহিংস অপরাধী, যৌন অপরাধী, গার্হস্থ্য নির্যাতনের অপরাধে সাজাপ্রাপ্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদিদের জন্য আগাম মুক্তির সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। কারাগারের প্রধান পরিদর্শক চার্লি টেলর বলেন, যুক্তরাজ্যের কারাগারগুলো ব্রেকিং পয়েন্টে রয়েছে।
