কারফিউ শিথিলে দিনাজপুরে কমেছে শাকসবজির দাম

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০১:৪১ এএম

দিনাজপুরে ৯ ঘণ্টার কারফিউ শিথিলের প্রভাব পড়েছে কাঁচাবাজারে। এক দিনের ব্যবধানে বাজারে শাকসবজির দাম কমেছে। কিছু কিছু সবজির দাম গত সোমবারের তুলনায় অর্ধেকে নেমেছে। ফলে কাঁচাবাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় বেড়েছে। বিক্রেতারা বলছেন, বাজারে কাঁচা শাকসবজির সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে। পাশাপাশি ক্রেতাদের উপস্থিতি বেশি হওয়ায় বিক্রি বেড়েছে। 

গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনাজপুরে কারফিউ শিথিলের ঘোষণা দেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। এরপর থেকে দিনাজপুর শহরের জীবনযাত্রা স্বাভাবিক হতে থাকে।

মঙ্গলবার দিনাজপুর শহরের সবচেয়ে বড় কাঁচাবাজার বাহাদুর বাজার ঘুরে দেখা গেছে, এক দিনের ব্যবধানে প্রতি কেজি পটোলের দাম কমে ৭০ টাকা থেকে ৩০ টাকা, ঢেঁড়স ৪৫ টাকা থেকে ৩০, বেগুন ৭০ টাকা থেকে ৫০, করলা ১০০ টাকা থেকে ৮০, কাকরোল ৮০ টাকা থেকে ৬০, ঝিঙা ৪৫ টাকা থেকে ৩৫, শসা ৪৫ টাকা থেকে ৪০, কাঁচা মরিচ ৩০০ টাকা থেকে ২৪০, পেঁপে ৫০ টাকা থেকে ৪০, বরবটি ১০০ টাকা থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ধরনের শাক প্রকারভেদে প্রতি আঁটি বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। অথচ এক দিন আগে এসব শাক প্রতি আঁটি ২০ থেকে ২৫ টাকা করে বিক্রি হয়েছিল।

এদিকে বাজারে দাম কমে যাওয়ায় বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে। ৯ ঘণ্টার জন্য কারফিউ শিথিলকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। ক্রেতা রইস উদ্দীন বলেন, ‘গত দুই দিন শাকসবজির বাজারে আগুন লেগেছিল। আজকে কারফিউ শিথিলের কারণে শাকসবজির দাম অনেক কমেছে।’ কারফিউ তুলে নেওয়া হলে শাকসবজির দাম আরও কমবে বলে আশা করেন তিনি।

দিনাজপুর শহরের ঘাসিপাড়া এলাকার বাসিন্দা আলম হোসেন পেশায় বাবুর্চি। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘গত কয়েক দিন ধরে দেশে অস্বাভাবিক পরিস্থিতির কারণে কাজ একেবারে বন্ধ হয়ে গেছে। হাতে কিছু টাকা থাকলেও তা দিয়ে বাজার করতে সমস্যা হচ্ছিল। গত সোমবার বাজারে এক কেজি পটোল ৭০ টাকা দিয়ে কিনেছি। আজকে পটোলের দাম অর্ধেকে নেমে এসেছে। এভাবে শাকসবজির দাম কমলে গরিব মানুষ কিছুটা রক্ষা পাবে।’

কাঁচামাল ব্যবসায়ী আশফাক হোসেন বলেন, ‘গত কয়েক দিন ধরে দিনের বেলা কারফিউ থাকায় বাজারে কাঁচামালের সরবরাহ কম ছিল। পাশাপাশি বিক্রি হবে কিনা এই সংশয় নিয়ে কম করে কাঁচামাল কিনে বিক্রি করেছি। আজকে (গতকাল মঙ্গলবার) দিনাজপুরে কিছু সময়ের জন্য কারফিউ শিথিল করায় বাজারে শাকসবজির সরবরাহ বেড়েছে। তাই শাকসবজির দাম কমেছে।’

এদিকে গত কয়েক দিন ধরে বাজারে মাছের দেখা না মিললেও মঙ্গলবার বাজারে কয়েকটি দোকানে মাছ বিক্রি করতে দেখা গেছে। তবে দাম কিছুটা বেশি বলে বিক্রেতারা জানিয়েছেন। মাছ ব্যবসায়ী বাচ্চু জানান, কয়েক দিন কারফিউ থাকার কারণে বাজারে মাছ আসেনি। আজকে কারফিউ শিথিল করায় ৩টি পিকআপে করে বাজারে মাছ এসেছে। তবে দাম একটু বেশি। 

দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পাশাপাশি কাঁচামাল ও শাকসবজি পরিবহন সব সময় কারফিউয়ের আওতামুক্ত

থাকবে। এ ছাড়া হিলি স্থলবন্দরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে। ভারত থেকে আসা বিভিন্ন কাঁচামাল নির্বিঘ্নে পরিবহনের জন্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। বিকেল ৫টার পর সাধারণ জনগণকে বাড়িতে অবস্থান করার জন্য তিনি অনুরোধ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত