সঙ্গীত পরিবারে জন্ম, সঙ্গীতেই বসবাস

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৩:৩৮ পিএম

সংগীত পরিবারে জন্ম নেয়ার সুবাদে ছোটবেলা থেকেই সংগীতের আবহে বড় হয়েছেন শাফিন আহমেদ। বাবা ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্তের কাছ থেকে তিনি উচ্চাঙ্গ সংগীতে আর মা  দেশের প্রতিথযশা কণ্ঠশিল্পী ফিরোজা বেগমের কাছ থেকে নজরুল সংগীতের তালিম নিয়েছিলেন বলে জানা যায়। সঙ্গীত পরিবারে জন্ম নেয়া এই শিল্পীর সঙ্গীতেই ছিল বসবাস। 

১৯৬১ সালের ১৪ই ফেব্রুয়ারি জনপ্রিয় এই ব্যান্ড সংগীত শিল্পীর জন্ম। যুক্তরাজ্যে পড়াশোনার সময় পাশ্চাত্য সংগীতের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন শাফিন। পরে দেশে ফিরে তিনি ও তার বড় ভাই হামিন আহমেদ মিলে গড়ে তোলেন ব্যান্ড দল ‘মাইলস’। যা গত ৪৫ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডগুলোর একটি হয়ে আছে।

তিনি দীর্ঘদিন মাইলসের ভোকাল ছিলেন। শাফিন আহমেদ একইসাথে ব্যান্ডের বেজ গীটারও বাজাতেন।এছাড়া ব্যান্ডটির বহু জনপ্রিয় গানের গীতিকার এবং সুরকারও ছিলেন তিনি। শাফিন আহমেদের কণ্ঠে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘ফিরিয়ে দাও’, ‘জ্বালা জ্বালা’ ‘চাঁদ তারা সূর্য’, 'নীলা' ‘প্রথম প্রেমের মতো’, ‘পিয়াসী মন’, ‘পাথুরে নদী জলে’ ‘আজ জন্মদিন তোমার’ সহ আরো অনেক গান। পপ গানের জন্যই দেশব্যাপী তুমুল জনপ্রিয় হলেও, কয়েক বছর আগে তিনি নজরুল সঙ্গীতের একটি অ্যালবাম করেছিলেন।

‘মাইলস’ এর জন্ম ১৯৭৯ সালে, ২০১৯ সালে বছরব্যাপী কর্মসূচি দিয়ে মাইলস তাদের প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উদযাপন করেছে।

২০১০ সালে এক সাক্ষাতকারে শাফিন আহমেদ বলেছিলেন, পাশ্চাত্য সঙ্গীত শেখার কোন সুযোগ বাংলাদেশে নেই বলে তাদেরকে নিজেদের চেষ্টায় এবং শুনে শুনেই নতুন ধারার এই সঙ্গীত শিখতে হয়েছে।

শুরুর দিকে শাফিন আহমেদ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল, পরে যেটি ঢাকা শেরাটন নামে পরিচিতি পায় সেখানে নিয়মিত পারফর্ম করতেন। শুরুতে কেবল ইংরেজি গানই কাভার করতেন তারা। ব্যান্ড গঠনের পর তাদের প্রথম অ্যালবামটিও ছিল ইংরেজি গানের। পরে ১৯৮২ সাল থেকে তারা বাংলা গানের অ্যালবাম প্রকাশ করতে শুরু করেন। সে সময় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে নিয়মিত গান করতেন তিনি। বাংলাদেশে ব্যান্ডের গানের কপিরাইট এবং শিল্পীদের রয়্যালটি নিয়ে সোচ্চার শিল্পীদের অন্যতম ছিলেন তিনি।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটি শো’য়ে অংশ নেয়ার কিছুক্ষণ আগেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এর পর তাকে হাসপাতালে নেওয়া হলে আমেরিকার ভার্জিনিয়ার সেন্টার হাসপাতালে বাংলাদেশ সময় আজ (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত