ফেনীতে গ্রেপ্তার ৭৪, আসামি ৪০০

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১০:১৭ পিএম

ফেনীতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার অভিযোগে দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপি-জামায়াতের ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের ট্রাংক রোড, শহীদ শহীদুল্লা কায়সার সড়কে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলায় বিএনপি ও সহযোগি সংগঠন এবং ছাত্র শিবিরের ৪০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ফেনী মডেল থানার এসআই আল আমিন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ২১ জুলাই রবিবারের ঘটনায় এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন। ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো এমরান হোসেন বলেন, নাশকতার ২ মামলায় গ্রেপ্তার ৭৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিদের মধ্যে কোটা ইস্যুতে নেতৃত্ব দেওয়া ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী মারুফ হায়দার তাজিম ছাড়াও জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম—আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, ছাত্রশিবিরের ফেনী শহর সভাপতি শরীফুল ইসলাম, জেলা সভাপতি ইসমাইল হোসেনের নাম রয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, বিগত তিনদিনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ইতোমধ্যে পুলিশ ৭৪ জনকে গ্রেপ্তার করেছে। যারা নাশকতা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত