‘অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা’, প্যারিসকে এভাবেই বর্ণনা করেছিলেন সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়। কত শিল্পী-সাহিত্যিকের পদচারণে মুখর হয়েছে প্যারিসের রাজপথ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারও ফ্রান্স দখলের পর প্যারিসে ধ্বংসযজ্ঞ না চালিয়ে ঘোষণা করেছিলেন উন্মুক্ত শহর হিসেবে। সেই প্যারিসে ১০০ বছর পর ফিরেছে অলিম্পিকের শিখা। ১৯২৪ সালে প্যারিসে বসেছিল আধুনিক অলিম্পিকের অষ্টম আসর। শতাব্দী পেরিয়ে ৩৩তম আয়োজন প্যারিসের বুকে। আজ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞের, যে আয়োজনে ৩২টা খেলার ৩২৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০,৫০০ ক্রীড়াবিদ। বাংলাদেশ থেকে ৫ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন সাঁতার, শুটিং, আর্চারি ও অ্যাথলেটিকসে।
অলিম্পিক আয়োজনের বড় আকর্ষণ চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিটি আয়োজক শহরই নানান আয়োজনে চমকপ্রদ ডিসপ্লে আর ইতিহাসের সঙ্গে মিল রাখা কোনো ঘটনার পুনরাবৃত্তির মাধ্যমে ফুটিয়ে তোলে আয়োজনের ইতিবৃত্ত। বেইজিং অলিম্পিকের চোখ ধাঁধানো অ্যাক্রোবেটিক কিংবা লন্ডন অলিম্পিকে জেমস বন্ড এবং ব্রিটেনের রানীর উপস্থিতির চেয়েও চোখ ধাঁধানো আয়োজন করেছে ফ্রান্স। প্রথা ভেঙে গোটা অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানকেই ফরাসিরা নিয়ে এসেছে স্টেডিয়ামের চার দেয়ালের বাইরে। সিন নদীতে হবে উদ্বোধনী অনুষ্ঠান, অ্যাথলেটরা মার্চপাস্ট করবেন পদব্রজে নয় নৌকায় চড়ে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৬-৭ হাজার অ্যাথলেট আইফেল টাওয়ারের পূর্ব কোণের অস্টারলিটজ সেতু থেকে নৌকা ও বার্জে করে সিন নদীর ৬ কিলোমিটার পাড়ি দেবেন।
চার ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষণ মোটেই আগেভাগে ফাঁস করবেন না আয়োজকরা। বিশেষ করে মঞ্চ যখন রাজপথ আর নদী, তখন তো ঘেরাটোপে মহড়ার উপায়ও নেই। তবে জানা গেছে অ্যাথলেটরা নৌযানে চড়ে এসে নামবেন আইফেল টাওয়ারের কাছে আর সেখান থেকে যাবেন বিখ্যাত ত্রোকাদেরো প্লাজার দিকে। জন উইক-৪ অথবা মিশন ইম্পসিবল ফলআউট ছবিগুলোর দর্শকরা ভালোভাবেই চেনেন জায়গাটা! উদ্বোধনী অনুষ্ঠানের এই মহাযজ্ঞের জন্য পরিকল্পনা ও প্রস্তুতি চলেছে ৩ বছর ধরে। সিন নদীর ধার ঘেঁষে ব্যবসা করা অনেক বইয়ের দোকানি ও ছোট ব্যবসায়ীদের পুনর্বাসন করা হয়েছে, নদী পরিষ্কার করা হয়েছে এবং সেটা প্রমাণ করতে প্যারিসের মেয়র নিজেই সিন নদীর জলে সাঁতরাতে নেমেছিলেন!
দর্শকদের সংখ্যা শুরুতে ৬ লাখ রাখার কথা থাকলেও নিরাপত্তার কারণে প্রায় অর্ধেকে নামিয়ে এনে ৩ লাখ ২০ হাজার করা হয়েছে। টিকিটের দাম ৯০ থেকে ৩০০ ইউরো পর্যন্ত। তবে যারা টিকিট পাবেন না, তাদের জন্য ৬ কিলোমিটার নদীর পাড় ঘেঁষে ৩০০ পর্দার ব্যবস্থা করা হয়েছে যেখানে সব দেখা যাবে সরাসরি। ব্রিটিশ বার্তা সংস্থা গার্ডিয়ান জানিয়েছে, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন কানাডিয়ান সংগীতশিল্পী সেলিন ডিওন ও মার্কিন সংগীতশিল্পী লেডি গাগা। ফরাসি কিংবদন্তি গায়িকা এদিথ পিয়াফের ‘লা ভাই এন রোজ (গোলাপি রঙের জীবন)’ গানটা গাইবেন দুজনে।
এবারের অলিম্পিকে কয়েকটি নতুন খেলা যুক্ত হয়েছে আর আগের আসর থেকে বাদ গেছে দুটি ইভেন্ট। এবারই প্রথম ব্রেক ড্যান্স (ব্রেকিং) যুক্ত হয়েছে আর ঐচ্ছিক খেলা থেকে মূল খেলা হিসেবে স্কেটবোর্ডিং, স্পোর্টস ক্লাইম্বিং, সার্ফিং যোগ হয়েছে। থ্রি অন থ্রি বাস্কেটবলও যোগ হয়েছে নতুন ইভেন্ট হিসেবে মেয়েদের বক্সিংয়ে একটি ওজন শ্রেণি যোগ হয়েছে আর পুরুষরাও এখন অংশ নিতে পারবেন আর্টিস্টিক সুইমিং ইভেন্টে।
মার্চপাস্টে এবার হেঁটে নয় নৌকা বা বার্জে চড়ে আসবেন অ্যাথলেটরা। সবার আগে আসবেন অলিম্পিকের জন্মভূমি গ্রিসের ক্রীড়াবিদরা। এরপর আসবেন দেশবিহীন উদ্বাস্তু ক্রীড়াবিদরা, তারপর রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদরা দেশের পতাকা নয় আসবেন নিজস্ব পরিচয়ে। তারপর ইংরেজি বর্ণমালার ক্রমানুযায়ী আসবে একে একে সব দেশ আর সবার শেষে আসবে স্বাগতিক ফ্রান্সের অলিম্পিক দল। প্রায় চার ঘণ্টার উদ্বোধন অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে নিিদ্র নিরাপত্তার আয়োজন। বৈরী আবহাওয়াতেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার প্রস্তুতিও নিয়েছেন আয়োজকরা। এবার শুধু অলিম্পিকের মশাল জ¦লে ওঠার অপেক্ষা। সেই মশালটা কে জ¦ালবেন তা নিয়ে মুখ খুলছেন না আয়োজকরা, রাখছেন চমক হিসেবেই। তবে অনেক গণমাধ্যমের পূর্বাভাস, মশালটা জ¦ালাবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।
